স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান ক্রিকেট দল এখন টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। এরইমধ্যে সদ্য সমাপ্ত ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও পাঁচ রানে হেরেছে পাকিস্তান। তবে বাবর আজমের সেঞ্চুরিতে মুগ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।
দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন বাবর। তবে বাবরের মতো ব্যাটসম্যান কেন পাঁচে নামলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান খান।গ্যাবায় ৩৪০ রানে পিছিয়ে থেকে অজিদের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। মাত্র ২৪ রান তুলতে তিন উইকেট হারায় তারা। এরপরই ক্রিজে আসেন বাবর আজম। শান মাসুদ ও ইফতিখার দ্রুত আউট হলেও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি গড়েন বাবর। তবে এতেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। ইনিংস হারের লজ্জা নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে মিসবাহর শিষ্যরা।
তবে ম্যাচ হারের জন্য নয়, বাবর আজমকে টু ডাউনের পরে নামানোয় বিরক্ত ইমরান খান। পাকিস্তানের আরেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে টেক্সট মেসেজ করেছিলেন ইমরান। সেখানেই জানতে চেয়েছেন, বাবর কেন পাঁচে?
ব্যাপারটা সবাইকে জানিয়েছেন ওয়াসিম নিজেই, ‘প্রধানমন্ত্রী ইমরান খান আমাকে মেসেজ করে বাবর আজমকে ধন্যবাদ জানিয়েছেন। বাবর যেভাবে খেলেছে তাতে তিনি মুগ্ধ। বাবরের জন্য তিনি কিছু পরামর্শও দিয়েছেন। বাবরের মতো একজন ব্যাটসম্যান, যে কি না টেকনিক্যালি অনেক ভালো, সে এত পরে কেন ব্যাট করতে নেমেছিল সেটা বুঝে উঠতে পারেননি তিনি। তার মতো কার্যকরী ব্যাটসম্যান নামবে চার নম্বরে, পাঁচে নয়।’
ইমরান হয়তো ভেবেছিলেন, বাবর আরও ওপরে ব্যাট করলে শুরুর বিপর্যয় এড়াতে পারত পাকিস্তান। এতে হয়তো ইনিংস হার এড়ানো যেত। সাধারণত বিশ্বের সব দলই তাদের সেরা ব্যাটসম্যানকে চারের মধ্যে নামায়। সেটা একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে জানা আছে ইমরানের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৯ তারিখে, অ্যাডিলেডে। এ ম্যাচটি দিবারাত্রিতে গোলাপি বলে হবে।






















