স্পোর্টস ডেস্ক।।
আগামী বছর মার্চ নাগাদ ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এই উপলক্ষে আগামী পরশু মঙ্গলবার এক দিনের সফরে ঢাকায় আসবে ইংলিশ ক্লাবটির চার সদস্যের প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করবে সরকার। এর জন্য জমকালো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছ অনেক আগে থেকেই। প্রায় সব ফেডারেশনই আন্তর্জাতিক টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে। ফুটবলেরটা হওয়া চাই আরও জমকালো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইচ্ছে ইউরোপের দুইটি শক্তিশালী দল নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা।
কোন দল দুইটি দল খেলবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে এর একটি হতে পারে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সে লক্ষ্যে মঙ্গলবার ক্লাবটির ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকায় আসবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘মঙ্গলবার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল আসছে ঢাকায়। এখানকার ফুটবলীয় সুযোগ-সুবিধা দেখে তারা সন্তুষ্টি হলে অন্য একটি বড় দলের সঙ্গে ম্যাচের আয়োজন করা যেতে পারে।’
ম্যাচটি হতে পারে আগামী মার্চে। প্রতিপক্ষ দল হিসেবে উঠে আসছে জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো বড় নাম।






















