স্পোর্টস ডেস্ক।।
সদ্য শেষ হওয়া ব্রিসবেনে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় পাকিস্তানি পেসার নাসিম শাহর। অজিদের বিপক্ষে সর্বকনিষ্ঠ হিসেবে সাদা পোশাকে অভিষেক হয় ১৬ বছর বয়সী এ তারকার। তবে এরইমধ্যে তার বয়স নিয়ে শুরু হলো বিতর্ক।
পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের পুরনো এক টুইটে বিতর্কের সূত্রপাত। ২০১৮ সালের ১ ডিসেম্বর তিনি টুইট করেছিলেন নাসিমের বয়স ১৭ জানিয়ে। কিন্তু, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের সময় তার বয়স ১৬ বলে জানানো হয়েছে। আর এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সাদিকের সেই টুইট। রীতিমতো হাসি ঠাট্টা শুরু হয় নাসিমের বয়স নিয়ে। সেই টুইট সামনে এনে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ গত ২২ নভেম্বর টুইট করেন, ‘দেখে তো দুর্দান্ত প্রতিভা বলেই মনে হচ্ছে। কিন্তু ওর বয়স এখন ১৬। বয়স পিছনের দিকে চলছে বলে মনে হচ্ছে।’
এই পরিস্থিতিতে পিসিবির সিইও ওয়াসিম খান বলেছেন, 'আপনারা নাসিমের মুখের দিকে তাকান। তাতে বয়স বাড়ার কোনো লক্ষণ নেই বললেই চলে। ও অনেক পরিণত। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বলে লোকে প্রশ্ন তুলছে। কিন্তু আসল কথা হলো যে ওর বয়স মোটে ১৬ বছর। ভারতীয়রা কী ভাবছে তাতে আমাদের কিছু আসে যায় না।'
পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ জানিয়ে ছিলেন যে নাসিমের বিপক্ষে ব্যাট করার অপেক্ষায় রয়েছেন তিনি। বলেছিলেন, ‘ও তো আমার অর্ধেক বয়সী। মাত্র ১৬ বছর। খুব আকর্ষণীয় লড়াই হতে চলেছে সেই কারণে।’
বলের গতিতে নাসিম জীবনের প্রথম টেস্টে নজরও কেড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট হিসেবে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন ডানহাতি পেসার। তবে পাকিস্তান এ টেস্ট হেরেছে ইনিংস ও পাঁচ রানে।






















