খেলাধুলা ১৭ আগস্ট, ২০১৯ ০৮:২৮

টাইগারদের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক ।। 

অনেক পরিকল্পনা শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ খুজে পাওয়া গেল। নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রাসেল ডমিঙ্গো। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ সংবাদ সম্মেলন করে নতুন কোচ ডমিঙ্গোর নাম ঘোষণা করেন। বিসিবির সাথে রাসেলের চুক্তি হয়েছে দুই বছরের জন্য। ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ৪৪ বছর বয়সী ডমিঙ্গো।

বিসিবি পরিচালকদের সঙ্গে সাক্ষাৎকারে ডমিঙ্গো দুই ভাবে তাঁর পরিকল্পনা তুলে ধরেছিলেন। একটি পরিকল্পনা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। আরেকটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে। তাঁর পরিকল্পনা ভালোই লেগেছে বলে তখন জানিয়েছিলেন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত বিসিবির এক পরিচালক। শুরুতে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে টিকে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও ডমিঙ্গো। দুজনের মধ্যে শুধু ডমিঙ্গোই ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন।

বড় পর্যায়ে ক্রিকেট না খেললেও কোচিংয়ের ভালো অভিজ্ঞতা রয়েছে ডমিঙ্গোর।  দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯ , বি দল ও এ দলের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ওয়ারিয়র্স কোচের দায়িত্বও পালন করেন তিনি। সহকারী কোচ থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের হেড কোচও ছিলেন ডমিঙ্গো। ২০১৩ সালে পান তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব।