খেলাধুলা ১৯ নভেম্বর, ২০১৯ ০৩:৪১

ইডেন টেস্টে দর্শকদের জন্য যেসব চমক অপেক্ষা করছে

স্পোর্টস ডেস্ক।।

আর মাত্র দু'দিন, ঠিক তারপরই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্স। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট খেলতে নামবে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ নভেম্বর কলকাতার হতে যাওয়া এই টেস্টকে সামনে রেখে বাড়তি আয়োজন করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচ দিনের ম্যাচের শুরুর দিনে দর্শকদের জন্য খেলা দেখা ছাড়াও আরো কি কি থাকছে তা জানিয়ে দিয়েছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল।

গোলাপি বলের ইডেন টেস্টকে ঘিরে সিএবি-র ভাবনায় একাধিক পরিকল্পনার মধ্যে রয়েছে, ম্যাচের শুরুতে মাঠের উপরে হেলিকপ্টার থেকে ভারতীয় বায়ুসেনার সদস্য প্যারাসুট দিয়ে নিচে নেমে আসবেন। টসের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের দলপতি মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেওয়া হবে। তখন আকাশে ছড়িয়ে যাবে গোলাপি রঙের আবির।

দর্শকদের জন্য থাকবে গোলাপি রঙয়ের বিশেষ ডিজাইনের টিকিট। একই সাথে সোনার কয়েনে টস করার জন্যও বোর্ডের কাছে অনুমোদন চেয়েছে সিএবি। এরপরেই সাম্প্রতিক প্রথা মেনে বেল বাজাবেন সেদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বেল বাজিয়ে ইডেন টেস্টের শুভসূচনা করবেন।

দিনের প্রথম সেশনের পর সুপার ব্রেকে থাকবে সিএবির বিশেষ আয়োজন। টক’শো করবেন ভারতীয় ক্রিকেটের ‘ফ্যাবুলাস ফাইভ’। যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ।

দ্বিতীয় সেশনের পর ২০ মিনিটের বিরতিতে থাকছে, ২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম যে টেস্ট ম্যাচ খেলেছিলো বাংলাদেশ, সেই ম্যাচের দুই দলের সাবেক অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন ম্যাচে আমন্ত্রিত ক্রীড়া জগতের তারকারা। বাউন্ডারি লাইন ধরে বিশেষ এক প্রকারের গাড়িতে তারা মাঠে চক্কর দেবেন।

একই সাথে নিজ দেশ ভারতের একাধিক ক্রীড়া ব্যক্তিদের সম্মানিত করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে শচীন ছাড়াও থাকবেন অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা, টেনিস কন্যা সানিয়া মির্জা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ছ’বারের বক্সিং চ্যাম্পিয়ন এমসি মেরি কম।