খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ০১:৩৩

মানসম্পন্ন পেস বোলার নিয়ে প্রশ্ন তুললেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিকদের তিন পেসারের জবাবে দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আবু জায়েদ রাহি বাদে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ আরেক পেসার এবাদত হোসেন। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তিন পেসার না খেলানোকে ভুল মানছেন।

ম্যাচের আগে পিচ দেখেও কী উইকেট বুঝতে পারেনি বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট? এমন প্রশ্ন উঠেছে সবার মনে। কেননা এ ধরণের উইকেটে স্বাভাবিকভাবে তিন পেসার কিংবা তার অধিক পেসার নিয়ে মাঠে নামতে হয়। সেই জায়গায় বাংলাদেশ নেমেছিল দুই পেসার নিয়ে। শুধু তাই নয়, টস জিতে কোহলি যেখানে ফিল্ডিং করতে চাইতেন সেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

একাদশে কম পেসার খেলানোর ফল হাতেনাতে পেয়েছে বাংলাদেশ। পুরো দুই ইনিংসেই বল হাতে রাজত্ব করেছেন ভারতের তিন পেসার- মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব। এ তিন পেসার মিলে বাংলাদেশ ব্যাটিং লাইন-আপে ধ্বস নামিয়ে দিয়েছেন। মুস্তাফিজ, আল-আমিন থাকার স্বত্বেও কেন তিন পেসার খেলানো হলো না সেই প্রশ্নের জবাব দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

“মানসম্পন্ন পেস বোলার কোথায় যে তিনজন খেলাব। আর ভারত তো তিন পেসার নিয়ে বহু বছর ধরেই খেলে। ওদের মতো মানসম্পন্ন পেসার তো আমাদের নেই।”

সাকিব না থাকায় একজন বাড়তি ব্যাটসম্যান ও বোলার খেলাতে হয়েছে বাংলাদেশকে। মিনহাজুল আবেদিন বলেন ব্যাটিংয়ের শক্তিমত্তার কথা চিন্তা করেই এক পেসার কমিয়ে বাড়তি ব্যাটসম্যান খেলানো হয়েছে।

“এখন তো মনে হচ্ছে তিনজন পেস বোলার খেলাতে হতো। সমস্যা হচ্ছে, তিন পেসার খেলালে ব্যাটসম্যান কমে যায়। আমাদের শক্তির জায়গা তো ব্যাটিং। একজন স্পিন অলরাউন্ডার থাকলেও পেস বোলার বাড়াতে পারতাম। খুব দরকার ছিল একজন পেস বোলার।”