খেলাধুলা ১৬ নভেম্বর, ২০১৯ ০১:০৩

লজ্জার হারের পরও ইতিবাচক দিক দেখছেন মমিনুল

স্পোর্টস ডেস্ক।।

টি-টুয়েন্টি সিরিজের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে হেরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সফল ছিলেন কেবল মুশফিকুর রহিমই। ভারতের বিপক্ষে এ লজ্জার পরাজয়ের পরও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।

ইন্দোর টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ম্যাচটি হাত থেকে ফসকে গিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতের বোলিং লাইন-আপের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে দেড়শ রানেই অলআউট হয় বাংলাদেশ। সেখানেই পিছিয়ে গেছে বাংলাদেশ।

এছাড়াও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। ম্যাচ শেষে সেটিই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। টসের সিদ্ধান্ত মাঠে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।

“টস অবশ্যই ম্যাচে একটা প্রভাব ফেলেছে। এটা বেশ কঠিন ছিল। টস জিতে ব্যাটিং নেওয়াটা কঠিন সিদ্ধান্ত ছিল। হারের পরও আমি অনেক ইতিবাচক দিক দেখছি। বিশেষ করে আবু জায়েদ চার উইকেট পেয়েছে। মুশফিক দুই ইনিংসেই ভালো ব্যাট করেছে, লিটনও ভালো করেছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের খুব ভালো বোলিং লাইন-আপের বিপক্ষে খেলতে হয়েছে। আমাদের ১৫-২০ ওভার টিকে থাকার চেষ্টা করতে হবে।”

ইন্দোর টেস্ট শেষে আপাতত দুই দলের লক্ষ্য প্রথম দিবারাত্রি টেস্ট। প্রথমবারের মতো দুই দলই খেলতে নামছে দিবারাত্রির টেস্ট। যার কারণে পুর্ব অভিজ্ঞতা নেই কোন দলেরই। দিবারাত্রি টেস্ট উপভোগ করার কথা জানালেন মমিনুল।

“দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা নেই আমাদের। চেষ্টা করব ম্যাচটি উপভোগ করতে।”

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামবে দুই দল।