খেলাধুলা ১৪ নভেম্বর, ২০১৯ ১১:৫৭

প্রথম টেস্টের প্রথম দিনেই পড়লো ১১ উইকেট

স্পোর্টস ডেস্ক।।

শেষ বিকেলে ১ম ইনিংসে বাংলাদেশের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। বাংলাদেশের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় সংগ্রহ মাত্র ১৪। ইনিংসের অষ্টম ওভারে বল হাতে আসেন আবু জায়েদ রাহী। ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ৬ রানে ফিরে যান রোহিত শর্মা।

এরপর দলের হাল ধরেন মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা। ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এই দুই ব্যাটসম্যান। দিন শেষে মায়াঙ্ক অপরাজিত রয়েছেন ৩৭ রানে এবং পূজারা ৪৩ রানে। ৬৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে ভারত।

সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ে নেই দলে। আর তাই তো অধিনায়কত্বের ভার পড়েছে মুমিনুলের কাঁধে। এই টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটছে মুমিনুল হকের। প্রথম ইনিংসে ৫৮.৩ ওভারে সব ক'টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১৫০ রান। টাইগারদের হয়ে ২০'র কোটা পার করতে পারেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট তুলে নেন মোহাম্মদ সামি এবং উমেষ যাদব।

চলতি বছরে শুরু হয়েছে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ফেললেও ইন্দোরের ম্যাচ দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের যাত্রা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেষ যাদব, মোহাম্মদ শামী, ইশান্ত শর্মা।