খেলাধুলা ৯ নভেম্বর, ২০১৯ ১২:৪৮

বার্সা ছেড়ে মার্কিন সকার লিগে সুয়ারেজ!

স্পোর্টস ডেস্ক।।

উরুগুয়ে জাতীয় দলে খেলা সুয়ারেজের সতীর্থ নিকো লোদেইরো জানিয়েছেন বার্সেলোনা ছেড়ে সুয়ারেজের মার্কিন লিগে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। মার্কিন সকার লিগে সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলেন লোদেইরো।

লোদেইরোর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব বার্সা ফরোয়ার্ডের। বন্ধুর কাছে শুনেই লোদেইরো বলছেন, হয়তো আগামী কিংবা পরের মৌসুমেই এমএলএসে খেলব দুজনে। তিনি দাবি করেন, সুয়ারেজ সবসময়ই আমাকে এমএলএস নিয়ে প্রশ্ন করে। সে এখানে আসতে খুব আগ্রহী।

এ জন্য অগ্রিম বার্সেলোনাকে রাজি করানোর পরামর্শও দিয়েছেন লোদেইরো। লোদেইরো বলেন, সে সবসময় বার্সাতে খেলতে চেয়েছে এবং খেলেছে। খেলে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তবে আগে-পরে সে এমএলএসেই আসবে। আশা করি সিয়াটল সাউন্ডার্সের হয়ে খেলবে। আমার মতে, এটা কেবল সময়ের ব্যাপার মাত্র।

বার্সার সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি আছে সুয়ারেজের। নতুন চুক্তির কোনো সম্ভাবনাও নেই। তাই আগেভাগেই নিজের পরবর্তী ঠিকানা খোঁজা শুরু করে দিয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড।