খেলাধুলা ৮ নভেম্বর, ২০১৯ ১০:৩৮

বাংলা টাইগার্সে আট বিদেশি, সাত দেশী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক।।

টি-টেন লীগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে আছেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা। প্লেয়ার্স ড্রাফট শেষে আট বিদেশি ও সাত দেশীয় ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে বাংলা টাইগার্স।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার জেমস ফকনার, আফগানিস্তানের কায়েস আহমেদ, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোদের দলে টেনেছে বাংলা টাইগার্স। এছাড়াও দক্ষিণ আফ্রিকান কলিন ইনগ্রাম, রবি ফ্রাইলিঙ্ক ও ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের সাথে আগেই চুক্তি করেছিল বাংলা টাইগার্স। ড্রাফট থেকে যুক্ত হলেন রাইলি রুশো, কায়েস আহমেদ, জেমস ফকনার ও চিরাগ সুরি।

দেশীয় ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানিরা। ড্রাফটে দেশীয় ক্রিকেটারদের মধ্যে এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ‘সি’ ক্যাটাগরিতে, ইয়াসির আলী, অফ স্পিনার মেহেদি হাসান ইমার্জিং ‘ক্যাটাগরিতে’ থাকাটা আগেই নিশ্চিত ছিল। ড্রাফট থেকে নেওয়া হয় আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দিকী ও আরাফাত সানিকে।

যদিও এই সাত দেশীয় ক্রিকেটারেরই টি-১০ লিগে খেলা অনিশ্চিত। কারণ, বিসিবি ইঙ্গিত দিয়েছে, জাতীয় ক্রিকেট লিগ চলাকালীন এই লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে না বিজয়-জুনায়েদদের।

বাংলা টাইগার্স: থিসারা পেরেরা, রাইলি রুশো, আন্দ্রে ফ্লেচার, রবি ফ্রাইলিঙ্ক, জেমস ফকনার, কায়েস আহমেদ, কলিন ইনগ্রাম, চিরাগ সুরি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দিকী, আরাফাত সানি, ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান।