স্পোর্টস ডেস্ক ।।
রজার ফেদেরার আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন। রাফায়েল নাদাল টুর্নামেন্টের মাঝপথেই চোটের জন্য কোর্ট ছেড়েছেন। এই অবস্থয় বিগ থ্রি’র বাকি একজনই ছিলেন প্যারিস মাস্টার্স জয়ের প্রধান দাবিদার। ফেবারিট হিসেবে কোর্টে নেমে নোভাক জকোভিচ তাই প্রত্যাশা মতোই জিতে নিলেন প্যারিস মাস্টার্সের শিরোপা।
এই নিয়ে মোট পাঁচবার প্যারিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা জোকার। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩৪তম মাস্টার্স ট্রফি ঘরে তোলেন এই সার্বিয়ান তারকা। এ হিসেবে তিনি রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন। নাদালের দখলে রয়েছে সর্বাধিক ৩৫টি মাস্টার্স জয়ের রেকর্ড। রাফার থেকে মাত্রা এক কদম দূরে দাঁড়িয়ে জকোভিচ।
সব মিলিয়ে এটি জকোভিচের এই মৌসুমে পঞ্চম এবং ক্যারিয়ারের ৭৭ নম্বর এটিপি খেতাব। এ বছর দু’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন ছাড়া মাদ্রিদ এবং টোকিও ওপেনের শিরোপাও ইতিমধ্যেই ঘরে তুলেছেন তিনি। এবার তার সঙ্গে যোগ হল প্যারিস মাস্টার্স।






















