স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল আগামীকাল (সোমবার) সকালে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের হার্ডলসটা বাংলাদেশ সর্বশেষ টপকেছিল ২০০২ সালে। তারপর বাছাই থেকে বিদায় নেয়াটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারী যুবাদের। ব্যর্থতার সেই বেড়াজাল ছিড়ে এবার চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্য নিয়েই দেশ ছাড়বে লাল-সবুজ জার্সিধারী যুবারা।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বাছাইয়ের ‘ই’ গ্রুপের খেলা শুরু হবে ৬ নভেম্বর। বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, ভুটান ও স্বাগতিক বাহরাইন। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক দল। ৮ নভেম্বর জর্ডান ও ১০ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাছাই পর্ব হচ্ছে ১১ গ্রুপে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা ৪ রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক উজবেকিস্তানকে নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
এবার চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। তিন মাস ধরে বাফুফে একাডেমিতে তার অধীনে অনুশীলন করছে এই যুব দল। সাফের পর গত অক্টোবরে কাতারে খেলেছে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। সেখানে সব ম্যাচ হারলেও দলটি নিয়ে প্রত্যয়ী কোচ পিটার।
আজ (রবিবার) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ‘এই দলটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি। সাফে ছেলেরা দুর্দান্ত খেলেছে। এরপর কাতারের টুর্নামেন্টেও ভালো খেলেছে। সেখানে সবার অভিজ্ঞতাটা ছিল দারুণ। আমার প্রত্যাশা বেড়েছে। আমার বিশ্বাস ছেলেরা বাহরাইনেও ভালো খেলবে। আমরা ফাইনাল রাউন্ডে যেতে চাই।’
সহ-অধিনায়ক ফাহিম মোরশেদ বলেছেন,‘ আমাদের গ্রুপটা কঠিন। কোনো দলকেই সহজভাবে নিচ্ছি না। তিন মাস ধরে এক সঙ্গে আছি। আমাদের মধ্যে তাই বোঝপড়া ভালো। দলে আছেন ইয়াছিন আরাফাত ভাই, বাপ্পী ভাইদের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করি অন্তত সেরা রানার্স আপ দলের একটা হয়ে চূড়ান্ত পর্বে উঠতে পারবো।’






















