খেলাধুলা ৩ জুন, ২০২৬ ০৮:৪১

এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের পেছনে বড় অবদান ফাস্ট বোলার নাথান এলিসের। ক্যারিয়ার সেরা চার উইকেট নিয়েছেন তিনি।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান তোলে অস্ট্রেলিয়া। দলের হয়ে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন দুটি লড়াকু হাফসেঞ্চুরি উপহার দেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩৩ রানে ৪ উইকেট নেন।


রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। ফলে বৃহস্পতিবার লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।


নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডসহ বেশ কয়েকজন তারকা ওয়ানডে ক্রিকেটারের অনুপস্থিতিতে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে অজি দল। তবে পাকিস্তানের স্পিন আক্রমণ ও ব্যাটিংয়ের চ্যালেঞ্জ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।

২৩২ রানের লক্ষ্যে পাকিস্তানের হয়ে একাই প্রতিরোধ গড়ে তোলেন অলরাউন্ডার শাদাব খান। ১০৪ বলে ৭১ রান করা শাদাবই ছিলেন দলের শেষ ব্যাটার। স্পিনার তানভির সাংহার ওয়াইড বলে স্টাম্পিংয়ের শিকার হলে তার ইনিংসের সমাপ্তি ঘটে এবং অস্ট্রেলিয়াও নিশ্চিত করে জয়।
এছাড়া গাজি ঘোরি উল্লেখযোগ্য ৩৭ রান করেন।

৬ উইকেটে ৭৮ রান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শাদাব। আরাফাত মিনহাসের (৩৩) সঙ্গে ৫৯ এবং শাহীন আফ্রিদির (১১) সঙ্গে ৩১ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও একটি চার। 

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এলিস। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৩ রানে ২ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। এবার মিনহাসকে এলবিডাব্লিউ করে অস্ট্রেলিয়ার জয়ের পথ খুলে দেন তিনি। খণ্ডকালীন স্পিনার ম্যাথিউ শর্টও ক্যারিয়ারসেরা বোলিং করেন। তিনি নেন ৩৬ রানে ৩ উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ৯২ বলে ৫৩ রান করেন ক্যামেরন গ্রিন। জশ ইংলিস ৭৪ বলে করেন ৫১ রান। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন গ্রিন ও ইংলিস। নিজের পঞ্চম ওয়ানডে হাফসেঞ্চুরিতে পাঁচটি চার মারেন ইংলিস। তবে ২৭তম ওভারে মিনহাসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর ম্যাথিউ রেনশর (৪৩) সঙ্গে পঞ্চম উইকেটে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন গ্রিন। তবে আবরার তাকে ফিরিয়ে দিলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। গ্রিনের তৃতীয় ওয়ানডে হাফসেঞ্চুরিতে ছিল একটি চার ও দুটি ছক্কা।

শেষ দিকে অলিভার পিক ৩২ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও একটি চার।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শাহীন আফ্রিদি। তিনি ৩৬ রানে ৩ উইকেট নেন। রাওয়ালপিন্ডিতে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মিনহাস এদিন ২৭ রানে ২ উইকেট নেন।