খেলাধুলা ৮ মে, ২০২৬ ০১:৫৭

মুমিনুল-শান্তর জুটি একশ ছাড়ালো

খেলা প্রতিবেদক
প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৯ ওভারে ১৪৫/২ (শান্ত ৬৫*, মুমিনুল ৪৬*; মাহমুদুল ৮, সাদমান ১৩)

প্রান্ত আগলে আগ্রাসী ভঙ্গিতে খেলছেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ থেকে ফিরে তুলে নিয়েছেন ষষ্ঠ হাফসেঞ্চুরি। শান্ত হাফসেঞ্চুরির দেখা পান ৭১ বলে। তুলনায় মুমিনুল সতর্ক।  

১০০ পার করে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৩১ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার। তার পর অবশ্য তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ পার করেছে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ২৬ ওভারে স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২ উইকেটে ১০১ রান। তৃতীয় উইকেটে তারা ৭০ রানে অবিচ্ছিন্ন আছেন। শান্ত ব্যাট করছেন ৩৯ রানে, মুমিনুল ৩১ রানে।    

মাহমুদুলের পর ফিরলেন সাদমানও

ওপেনার মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। ১১ ওভারে আক্রমণে এসেই তাকে ফেরান পেসার হাসান আলী। শর্ট লেংথের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন সাদমান। ৩০ বল খেলে তিনি আউট হন ১৩ রানে। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ৩১ রানে।    

bangladesh-pakistan-wicket-banglatribune
শাহীনের উদযাপন।
সেই শাহীনের বলেই ফিরলেন জয়

টস হেরে ব্যাটিংয়ের শুরুটা দেখেশুনে করেছিল বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ে অস্বস্তি ছিল ওপেনার মাহমুদুল হাসান জয়ের। শাহীন আফ্রিদির পঞ্চম ওভারেই ক্যাচ তুলেছিলেন তিনি। ব্যাটের কানায় লেগে গেলেও সেটা নিতে পারেননি স্লিপে থাকা আব্দুল্লাহ ফজল। তবে এক ওভার পর আর শেষ রক্ষা হয়নি। জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি জয়। শাহীনের প্রথম বলেই উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রানে। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ১৮ রানে।   

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ। শুরুতে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এখনও জয়হীন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথম জয়ের খোঁজে নামবে তারা। 

একাদশে কারা

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। পেসার হিসেবে রয়েছেন নাহিদ রানা, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। 

পাকিস্তান অবশ্য টেস্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে। ছিটকে গেছেন অভিজ্ঞ বাবর আজম। অভিষেক হচ্ছে ওপেনার আজওয়ান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজওয়ান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।