খেলাধুলা ৩১ অক্টোবর, ২০১৯ ০৮:৩৮

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ।। 

প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। অথচ দেশের ক্রিকেট ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে নেই বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। পারিবারিক কারণে আসন্ন এই সফরে নেই দেশ সেরা ওপেনার তামিম। আর নিষেধাজ্ঞার করাণে বাদ পড়েছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। এ দিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও। 

বুধবার (৩০ অক্টোবর) বিকালেই ভারতের সঙ্গে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চড়ে বসে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন টি-টুয়েন্টি ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ভারত সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) ক্রিকেটাররা দিল্লি বিমানবন্দরে গিয়ে পৌঁছে। সেখান থেকে টিম বাংলাদেশ উঠেছে দিল্লির আইসিটি মউরিয়া হোটেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টায় অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর এই মাঠেই প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। যদিও এক বছর তাৎক্ষণিক বাতিল করে দিয়েছে আইসিসি। এর অর্থ আগামী এক বছর আর ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

এর প্রেক্ষিতে ভারত সফরের জন্য নতুন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নাম ঘোষণা করা হলো।