খেলাধুলা ২৯ অক্টোবর, ২০১৯ ০৫:৩৭

সাকিবের পাশে থাকার ঘোষনা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের ক্রিকেটের অস্থিরতা যেন কমছেই না। বরং নতুন নতুন ইস্যুতে আরও টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। এবার সে অস্থিরতায় নতুন ধাক্কা হয়ে এসেছে সাকিবের ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি আইসিসি কিংবা বিসিবিতে না জানানোর খবরে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়েছেন, সাকিব ভুল করলেও তিনি পাশে থাকবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে প্রথম প্রশ্নই ছিল দেশের ক্রিকেটের বর্তমান দৃশ্যপট নিয়ে। যেখানে সাকিবের ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। সাকিব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিসিবি সাকিবের পাশে আছে এবং সব রকমের সহযোগিতা দেবে। এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর (সাকিবের) যেটা উচিত ছিল, যখনই ওর সঙ্গে যোগাযোগ করেছে, ও খুব একটা গুরুত্ব দেয়নি। ফলে সে আইসিসিকে বিষয়টি জানায়নি। নিয়মটা হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল।’

সাকিব এই জায়গায় ভুল করেছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর, ‘এখানে সে একটা ভুল করেছে। এক্ষেত্রে আপনারা জানেন, আইসিসি যদি কোনও ব্যবস্থা নেয়, এখানে আমাদের খুব বেশি কিছু করার সুযোগ থাকে না। তবু আমরা বলব, বিশ্ব ক্রিকেটে তার একটা অবস্থান আছে। একটা ভুল সে করেছে এবং সেটা সে বুঝতেও পেরেছে। এখানে খুব বেশি কিছু করার নেই আমাদের।’

জুয়াড়িদের কাছ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি না জানানোয় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার কথা শোনা যাচ্ছে। অভিযোগ সত্য হলে বড় শাস্তির মুখে পড়তে হবে এই অলরাউন্ডারকে।