খেলাধুলা ২২ অক্টোবর, ২০১৯ ০৮:৩৫

ক্রিকেটারদের দাবি নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক ।। 

১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা হলে এখন থেকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা। কিন্তু তাদের এসব দাবির কথা শুনে হতাশা প্রকাশ করেছেন বিসিবি'র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এমনকি ধর্মঘটের কথা বিশ্বাসই করতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে নিজেদের মতামত জানাতে গিয়ে পাপন বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেটাররা এমন কিছু করতে পারে ভাবতেই পারছি না। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক গভীর। সবাই সব সমস্যার সমাধানে আমার কাছে আসে। আমি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করি। কিন্তু এবার ওরা আমাকে কিছুই জানায়নি। আমি ওদের দাবিগুলো বুঝতে পারছি না।'

বিসিবি প্রধান আরও বলেন, 'ওরা দাবির কথা আমাদের না বলে মিডিয়াতে বলল। সারা বিশ্বে ছড়িয়ে গেল। আইসিসি, এসিসি সবাই আমাকে ফোন করছে। ওরা (ক্রিকেটাররা) প্রথমে প্রেস কনফারেন্স করল। দাবি তুলে ধরল। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এটা করল ওরা। এমন এক সময়ে, যখন কিনা জাতীয় দলের ভারত সফর সামনে। ক্রিকেটের উন্নয়নের জন্য বলছে কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই। ওরা আমাদের ফোনও ধরে না। এগুলো সব পূর্বপরিকল্পিত। ওরা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে।'

'জিম্বাবুয়ের মতো আইসিসি'র কাছে অভিযোগ দিয়ে আমাদের ক্রিকেটকে বন্ধ করার চেষ্টাও করছে। এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। ভারত সফর বাদ দিলে আইসিসি'র কাছ থেকে চাপ আসবে। আমার ধারণা, ক্রিকেটারদের মধ্যে অনেকে জানেই ওরা কী করছে। হয়তো কয়েকজন যুক্ত আছে। আমরা তো তাদের জন্য কম করিনি। যে দাবি পূরণ করার জন্য ওরা আমাদের কাছে আসতে পারতো। ওদের দাবি মেনেও নিতাম। কিন্তু ওরা তো আসলোই না।' 

বিস্তারিত আসছে...