খেলাধুলা ১৩ অক্টোবর, ২০২৩ ১০:০২

পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রথম দুই ম্যাচ অনায়াসেই জিতেছে ভারত-পাকিস্তান। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। আগামীকাল শনিবার, ১৪ অক্টোবর ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এ ম্যাচকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করছে টিম ইন্ডিয়া। এর মধ্যে একাদশের শক্তি বাড়ানোর গুঞ্জনও রয়েছে।

চাউর হয়েছে, পাকিস্তানের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনছে ভারত। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

ওপেনিংয়ে অটোচয়েজ রোহিত শর্মা। তবে তার সঙ্গে কে ওপেন করবেন, তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কেননা, এরই মধ্যে ডেঙ্গু থেকে সেরে উঠেছেন শুভমান গিল। তাই রোহিতের সঙ্গে তারই গোড়াপত্তনের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মিডলঅর্ডারে নেমে যেতে পারেন আগের ম্যাচে ওপেন করা ঈশান। এমনকি একাদশ থেকে বাদও পড়তে পারেন তিনি।

ওয়ানডাউনে যথারীতি বিরাট কোহলি। আর চারে শ্রেয়াস আইয়ার। যদিও আগের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন আইয়ার, তাই এই ম্যাচে তার বাদ পরার গুঞ্জনও রয়েছে। এক্ষেত্রে একাদশে সুযোগ পেলে এই পজিশনে খেলতে পারেন ঈশান।

এরপর পাঁচে ইনফর্ম কেএল রাহুল, ছয়ে ও সাতে হার্দিক পান্ডিয়া ও জাদেজা। তবে মূল পরিবর্তন আসতে পারে আটে। উইকেট বিবেচনায় এই পজিশনে আসতে পারেন অশ্বিন। আর তার সঙ্গী হিসেবে থাকছেন কুলদ্বীপ যাদব।

পেস ইউনিটে যথারীতি জাসপ্রিত বুমরাহ। আর সঙ্গে সুযোগ পেতে পারেন মোহাম্মদ শামি। আগের ম্যাচে বেশ খরুচে ছিলেন মোহাম্মদ সিরাজ। তাই পাকিস্তানের সঙ্গে তার জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা ( অধিনায়ক ), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

 

আমাদেরকাগজ  / এইচকে