স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। এবার কী টাইগাররা পারবে নতুন ইতিহাস লিখতে?
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১৬৭/৫ (৩৪ ওভার)
বিপর্যয়ের দিনে দলের হাল ধরেছিলেন সাকিব ও মুশফিক। দু’জনের ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙল এবার। ৫১ বলে ৪০ রান করে আউট হয়ে গেলেন সাকিব। ফার্গুসনের করা আগের বলেই টপ-এজে ছক্কা পেয়েছিলেন। আবারও শট বল করলেন ফার্গুসন। পুলের চেষ্টা সাকিবের। তবে এবার বল ওপরে উঠে যাওয়ায় বেশিদূর গেল না। বেশ খানিকটা ছুটে গিয়ে ক্যাচ নিলেন উইকেটকিপার টম ল্যাথাম। ফার্গুসনের এটি তৃতীয় উইকেট।
সাকিবকে হারাল বাংলাদেশ
বিপর্যয়ের দিনে দলের হাল ধরেছিলেন সাকিব ও মুশফিক। দু’জনের ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙল এবার। ৫১ বলে ৪০ রান করে আউট হয়ে গেলেন সাকিব। ফার্গুসনের করা আগের বলেই টপ-এজে ছক্কা পেয়েছিলেন। আবারও শট বল করলেন ফার্গুসন। পুলের চেষ্টা সাকিবের। তবে এবার বল ওপরে উঠে যাওয়ায় বেশিদূর গেল না। বেশ খানিকটা ছুটে গিয়ে ক্যাচ নিলেন উইকেটকিপার টম ল্যাথাম। ফার্গুসনের এটি তৃতীয় উইকেট।
মুশফিকের ফিফটি
দলের বিপর্যয়ে বহুবার হাল ধরার নজির আছে সাকিব-মুশফিকদের। আজ আবারও ত্রাতার ভূমিকায় এই দুই অভিজ্ঞ ব্যাটার। ৫৬ রানে টপ অর্ডারের চার উইকেট পতনের পর এ দু’জনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন মুশফিক। ৫২ বলে ৫১ রানে অপরাজিত আছেন উইকেটকিপার এই ব্যাটার।
ক্যারিয়ারে এটি মুশফিকের ৪৮তম, নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও বিশ্বকাপে নবম ফিফটি। বিশ্বকাপে তার চেয়ে বেশি ফিফটি আছে আর একজন বাংলাদেশি সাকিবের। ১২ টি ফিফটি রয়েছে টাইগার অলরাউন্ডারের।
সাকিব-মুশফিক জুটির ৫০, বাংলাদেশের ১০০
আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে ৪ উইকেট পড়েছিল বাংলাদেশের। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে নেই ৪ উইকেট। আরও একবার টপ অর্ডারের বেহাল দশায় বিপদে দল। ক্রিজে থাকা দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে ২১ ওভার শেষে দলীয় শতরান পূর্ণ হয়েছে বাংলাদেশের।
তাদের ব্যাটে ৫৯ বলে এসেছে ৫০ রান। এতে অগ্রণী মুশফিক, ৩৩ বলে তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ১৬ রান করেছেন সাকিব।
মিরাজ-শান্তর বিদায়, বিপর্যয়ে বাংলাদেশ
চেন্নাইয়ে ভালো কিছুর স্বপ্ন বুনছিল বাংলাদেশ। তবে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। লকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন উইকেটে থিতু হওয়া মেহেদী হাসান মিরাজ। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ফাইন লেগে ম্যাট হ্যানরির হাতে ধরা পড়লেন মিরাজ। আউট হওয়ার আগে ৩০ রান করতে খেলেছেন ৪৬ বল।
বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়েছে ৫৬ রানে। আর কোনো রান যোগ করার আগেই গুরুত্বপূর্ণ আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তও ফিরে গেলেন। আক্রমণে এসেই সাফল্য পেলেন ফিলিপস। বাড়তি বাউন্সের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েছেন শান্ত। ৫৬ রান তুলতেই নেই ৪ উইকেট।
তামিম ছিলেন ধর্মশালায়, আছেন চেন্নাইয়েও!
চোট আর ফিটনেস বিতর্কে বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে নেই তিনি। তবে মাঠে না থাকলেও গ্যালারিতে ঠিকই দেখা মিলছে তার! ভক্ত-সমর্থকদের প্লেকার্ড, ব্যানার কিংবা ফেস্টুনে দেখা মিলছে তামিমের!
লিটনের পর সাজঘরে তানজিদ তামিম
প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৫ ও ১ রানে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। আজ শুরুটা করেছিলেন দুর্দান্ত। লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেধে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছিলেন। তবে বেশিদূর এগোতে পারলেন না তরুণ এই ওপেনার।
লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। সাজঘরে ফেরার আগে করেছেন ১৭ বলে ৪ চারে ১৬ রান। আক্রমণে এসেই সাফল্য পেলেন ফার্গুসন।
মিরাজ-তামিমের পাল্টা আক্রমণ
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথম বলেই ধাক্কা। বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লিটন। ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। শূন্য রানে বাংলাদেশি ওপেনারের বিদায়ের পর মিরাজ-তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।
দারুণ শুরু পেয়েছেন তানজিদ তামিম। অন্যদিকে, আজ তিনে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। ৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। ৩১ বলে ২২ রানে খেলছেন মিরাজ। ১৬ বলে ১৬ রানে ব্যাট করছেন বেশ চাপে থাকা তানজিদ।
প্রথম বলেই আউট লিটন দাস
হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন লিটন! বিশ্বাস হচ্ছিল না যেন বোল্টেরও।
ম্যাচের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু শটটি ঠিকঠাক খেলতে পারেননি। ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার। লিটনের বিদায়ে আজ তিন নম্বরে নামানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন। বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন তিনি।
আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাকিব বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।





















