স্পোর্টস ডেস্ক : চার বছরের অপেক্ষা কাটিয়ে শুরু হতে যাচ্ছে সাদা বলের কাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপের আসর। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে মাঠে-মাঠের বাইরে চলছে তুমুল উত্তেজনা। সেই উত্তেজনার আবহে অংশ নিচ্ছেন নামজাদা সাবেক তারকা খেলোয়াড়েরা, করছেন ভবিষ্যদ্বাণী। ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটার গৌতম গম্ভীর এসব ব্যাপারে সবসময়ই একটু বেশি সরব।
ভারতের জনপ্রিয় টেলিভিশন স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে গৌতম বলেন, ‘বাবর আজমের টেকনিক্যাল সক্ষমতা যে পর্যায়ের, তাতে পাকিস্তানের হয়ে এই বিশ্বকাপে ৩ থেকে ৪টি শতক আসবে তাঁর ব্যাট থেকে।
সপ্তাহখানেক আগেও আরো একবার বাবর বন্দনায় মেতেছিলেন গৌতম গম্ভীর। তখন রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট, কেন উইলিয়ামসনের তুলনায় বাবর আজমকে অন্য স্তরের খেলোয়াড় হিসেবে আখ্যা দেন।
আইসিসির র্যাংকিংয়ে ওডিআই ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখলে রেখে বিশ্বকাপ শুরু করবেন বাবর। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ আসর শুরু হবে। বর্তমান সময়ের সবচেয়ে সেরা ব্যাটারদের একজন হলেন বাবর আজম। ১০৮ ওয়ানডে ম্যাচে ৫৮.১৬ গড়ে ৫ হাজার ৪০৯ রান করেছেন তিনি। এই রান করার পথে ২৮টি অর্ধশতক আর ১৯টি শতক হাঁকিয়েছেন বাবর আজম।
আমাদেরকাগজ / এইচকে






















