ডেস্ক রিপোর্ট
ক্যাসিনোকাণ্ডের পর সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ দেশে ফেরেননি, তাই হকির ভবিষ্যতও সঙ্কটাপন্ন। তবে ফেডারেশনের কার্যক্রম আগের গতিতেই চলছে বলে, দাবী করেছেন সিনিয়র সহ-সভাপতি রশিদ শিকদার।
বলছেন প্রিমিয়ার লিগ ও দলবদলের সময়সূচির সিদ্ধান্ত আসবে দ্রুতই। এদিকে অনূর্ধ্ব-২১ দলের সিরিজ খেলতে ঢাকায় এসেছে ওমান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বিকেল সাড়ে ৪টায়।
নানা জল্পনা কল্পনার পর প্রায় ১৪ বছর পর নির্বাচনের মাধ্যমে হকির নতুন কমিটি গঠন হয় এবছরের এপ্রিলে। সাঈদ-রশিদ প্যানেল নির্বাচনে জয়ী হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুদিন ফিরিয়ে আনবেন দেশের হকিতে।
বয়সভিত্তিক আর নারী দলের কার্যক্রমে তৎপরতা এসেছিলো। তবে ক্যাসিনোকাণ্ডে সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদের সম্পৃক্ততা পাওয়ার পর হকির ভবিষ্যতে আবারো ভর করেছে হাহাকার ।
জাতীয় দলের কার্যক্রম নেই নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ কবে শুরু হবে জানেননা খেলোয়াড়-ক্লাব কর্মকর্তারা। ফেডারেশনও এর সদুত্তর দিতে পারেননি। সাধারণ সম্পাদক কবে দেশে ফিরবেন জানা নেই ফেডারেশন কর্তাদের। তারপরও সিনিয়র সহ-সভাপতির দাবী স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে ফেডারেশন।
লিগ নিয়ে অনিশ্চয়তায় বয়সভিত্তিক দলকে ব্যস্ত রেখেছে ফেডারেশন। পাঁচটি ম্যাচ খেলতে সোমবার বাংলাদেশে এসেছে ওমান অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার দুদলের মধ্যে প্রথম ম্যাচ।
ওমান অনূর্ধ্ব-২১ দলের কোচ তাহির জামান বলেন, বাংলাদেশে আসার আমরা পাকিস্তানেও কয়েকটি ম্যাচ খেলেছি। আশা করছি ভালো প্রস্তুতি নেয়া হয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ এগিয়ে থাকবে। তবে আমরা বিশ্বাস রাখি, ভালো ফলাফল আনতে পারবো।
আগামী বছর জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল গঠন করার লক্ষ্য ফেডারেশনের।






















