স্পোর্টস ডেস্ক : সাবেক অধিনায়ক তামিম ইকবাল রহস্যময় চোটের কারণে প্রায় দুই ধরে মাঠের বাইরে আছেন। বর্তমানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় অবস্থান করলেও দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিমের। এখনও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন এই ওপেনার।
সবশেষ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে প্রথম ওয়ানডেতে খেললেও এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা মেলেনি তামিমের। তবে এশিয়া কাপের পরে এবং বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে আশাবাদী এই ওপেনার।
আজ শুক্রবার, ৮ সেপ্টেম্বর একটি প্রতিষ্ঠানের পণ্য-সামগ্রীর দোকান উদ্বোধন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় নিজের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তামিম বলেন, আমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রাম ভালোভাবে সম্পন্ন করেছি। খুব ভালোভাবে আমার অগ্রগতিটা হচ্ছে। বিশেষ করে ১০ তারিখের পর থেকে ১০ দিনের মতো সময় আছে, তখন প্রায় ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে।
তিনি বলেন, এখন অবধি কোনো ভুল (সেট-ব্যাক) হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ। কারণ, ফুল ইন্টেসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারবো।
আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।
আমাদের কাগজ / এইচকে






















