খেলাধুলা ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৩০

বিপিএলে সাকিবের দলে খেলবেন বাবর!

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) খেলার জন্য ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন। তবে জানা যায়, সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন পাকিস্তানি তারকা এ ব্যাটার।

অবশেষে বাবরকে নিয়ে সেই গুঞ্জন যেন সত্যি হতে চলেছে। আসন্ন ২০২৪ সালের বিপিএলে হতে চলেছেন টাইগার পোস্টাররবয় সাকিব আল হাসানের সতীর্থ। ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন।

বুধবার, ৬ সেপ্টেম্বর রাতে বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের ফেসবুক পেজে মঙ্গলবার এক ভিডিওতে সাকিবকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন-চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। এবার ইনশাআল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।

ইশতিয়াক আরও বলেন, ‘সাকিব আল হাসান ছাড়াও আমাদের তিনজন রিটেনশনের মধ্যে রয়েছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। আমরা এ বছর বেশ কিছু নামিদামি তারকাকে সাইন করিয়েছি। কারণ আমরা এবার বদ্ধ পরিকর শিরোপা পুনরুদ্ধার করব।

আমাদেরকাগজ / এইচকে