খেলাধুলা ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫১

মিরাজের পর শান্তর সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্তও পেয়ে গেলেন সেঞ্চুরি। প্রথম ম‌্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১ রানের জন‌্য সেঞ্চুরি পাননি। এবার কোনো ভুল করেননি। ক‌্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি রাঙিয়েছেন দারুণ এক ইনিংসে। শান্তর আগে সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের ব‌্যাটসম‌্যানেরা।  

অসাধারণ, অনবদ‌্য, অবিস্মরণীয়। যত বলা হবে ততই যেন কম। মেহেদী হাসান মিরাজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যা করে দেখালেন তা লিখা থাকবে ইতিহাসের অক্ষয় কালিতে।

ক‌্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংস উদ্বোধন করতে নেমেছেন। আর নেমেই পেয়ে গেলেন সেঞ্চুরি। ৫ বছর পর ওপেনিংয়ে নেমে ক‌্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। ১১৫ বলে পৌঁছান তিন অঙ্কের মাইলফলকে। 

গত বছর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন মিরাজ।  

৪ বলের ব‌্যবধানে ২ উইকেট হারিয়ে ছন্দপতন হয়েছিল বাংলাদেশের ইনিংসে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি মিরাজ ও শান্ত। দেড়শ রানের জুটি গড়েছেন তারা। ১৫৬ বলে তাদের জুটির রান দেড়শ পেরিয়েছে। পঞ্চমবারের মতো ওয়ানডে ক্রিকেটে তৃতীয় উইকেটে ১৫০ বা এর বেশি রান দেখল বাংলাদেশ। 

মিরাজের সঙ্গে শান্তর জুটি থেমেছে ১৯৪ রানে। বাংলাদেশের হয়ে আফানিস্তানে বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

আমাদেরকাগজ / এইচকে