খেলাধুলা ৬ অক্টোবর, ২০১৯ ০৯:১৬

‘আমি মারা যাইনি’, টুইট বার্তায় নবী!

ডেস্ক রিপোর্ট।। 

আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ ও সেরা খেলোয়াড় মোহাম্মদ নবী। দেশের হয়ে এখন পর্যন্ত ১২১ ওয়ানডে ও ৬৮ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। গত মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলা চট্টগ্রাম টেস্টই তার শেষ টেস্ট। এখান থেকেই ক্রিকেটের সবচেয়ে অভিজাত এ সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 

কিন্তু গত ৪ অক্টোবর, শুক্রবার কে বা কারা টুইটারে গুজব ছড়িয়ে দেয়, ‘মারা গেছেন মোহাম্মদ নবী!’ আফগানিস্তানের জীবন্ত এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবরে স্বভাবতই আলোড়ন তৈরি হয় পুরো দেশে।

এর আগে অনেকেই বলাবলি করছিলেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন মোহাম্মদ নবী। এ গুজব দূর করতে পদক্ষেপ নিয়েছিল স্বয়ং আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। তারা মোহাম্মদ নবীর অনুশীলনের কিছু ছবি প্রকাশ করে।

কিন্তু তাতেও কাজ হয় নি। তাই নিজেই এগিয়ে আসেন মোহাম্মদ নবী। নিজের টুইটারে নবী লিখেন, ‘প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আমি মারা যাইনি। কিছু সংবাদমাধ্যম আমার মৃত্যুর যে খবর প্রকাশ করেছে তা মিথ্যা। সবাইকে ধন্যবাদ।’

আফগানিস্তানকে বিশ্বকাপে খেলতে নিয়ে যাওয়ার পিছনে মোহাম্মদ নবীর অবদান সবচেয়ে বেশি। বেঁচে থাকুন সকল ক্রিকেটামোদীর ভালোবাসা নিয়ে আফগানিস্তানের এই জীবন্ত কিংবদন্তি।