খেলাধুলা ২২ জুলাই, ২০২৩ ০৯:০৪

বাংলাদেশের প্রতি ভারতীয় অধিনায়কের ‘অসম্মানজনক’ আচরণ

স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে বড় এক নাম হারমানপ্রিত কৌর। ২০০৯ সাল থেকে খেলছেন ভারত নারী দলে। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই হারমানপ্রিতের অপ্রীতিকর আচরণে স্তম্ভিত বাংলাদেশের ক্রিকেট। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে জিততে না পেরে ভারত নারী দলের অধিনায়ক যা করলেন, তা মেনে নিতে পারছেন না কেউই।

যদিও ভারতীয় দলের দাবি, হারমানপ্রিত বাংলাদেশকে অসম্মান করেননি। মাঠে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেওয়া কিংবা ম্যাচ শেষে পরেরবার বাংলাদেশে আসার আগে পক্ষপাতমূলক আম্পায়ারিং সামলাবার প্রস্তুতি নিয়ে আসার কথা বলার পরও হারমানপ্রিতের আচরণে বাংলাদেশের প্রতি অসম্মানের কিছু দেখছেন না ভারতের আরেক সুপারস্টার স্মৃতি মান্ধানা। 

ম্যাচ ও সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা আম্পায়ারদের প্রতি বলেছে, প্রতিপক্ষকে না... আমার মনে হয় না বাংলাদেশের অধিনায়ককে সে এমন কিছু বলেছে। পোস্ট ম্যাচে আমি যতটা শুনেছি, সে বাংলাদেশকে নিয়ে কিছু বলেনি। ম্যাচের পর যা হয়ে গেছে এসব নিয়ে কথা না বলাই ভালো।'

স্মৃতি মনে করেন, জয়ের জন্য মরিয়া ছিলেন বলেই হারমানপ্রিত এমন আগ্রাসী আচরণ করেন, যাকে তিনি আখ্যায়িত করলেন 'হিট অব দ্যা মোমেন্ট' বলে, 'ভারতের জার্সি পরে খেলার সময় যেকোনো ম্যাচেই এমন হতে পারে। ম্যানস অ্যাশেজে দেখুন, অনেক বিতর্কই হচ্ছে। বাংলাদেশ বলে এমন প্রতিক্রিয়া, এমনটা নয়।'

এমন একটা উত্তাপ ছড়ানো সিরিজ শেষে সংবাদ সম্মেলনে স্মৃতির সাথে আসেন হারলিন দেওল। তখনই গুঞ্জন ওঠে, অপ্রীতিকর আচরণে হারমানপ্রিতের ওপর নিষেধাজ্ঞার মতো কোনো শাস্তি এসেছে কি না। জবাবে স্মৃতি জানান, 'আমি ও হারলিন ভালো একটা পার্টনারশিপ গড়েছিলাম। এ কারণেই এখানে আমরা এসেছি। হারমানের এখানে না আসার সাথে নিষেধাজ্ঞা বা এমন কিছুর সম্পর্ক নেই। এসব দেখবে আইসিসি, আম্পায়ারদের প্যানেল। তারাই এই বিষয়টি দেখবে। এ নিয়ে কোনো মন্তব্য করা আমার ঠিক হবে না।'


আমাদেরকাগজ/এইচএম