খেলাধুলা ৮ জুলাই, ২০২৩ ০৭:১৬

লিটন-শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের টার্গেট দেওয়া ৩৩২ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালো বাংলাদেশ।

আজ টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস। আগে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া জুটি ও ব্যাক্তিগত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে হাশমতউল্লাহ শহীদির দল। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৫ থেকে ২০ রানের ভিতরে লিটন-শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই উইকেট হারাতে বসেছিলেন, তবে রিভিউ নিয়ে সেবারের মতো বেঁচে যান। সুযোগ পেয়েও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লিটন দাস।

পঞ্চম ওভারের প্রথম বলেই ফজলহক ফারুকির শিকার হন তিনি।

ফারুকির প্রথম ওভারটিতে কোনো রান হয়নি। দ্বিতীয় ওভারে আসে মাত্র এক রান। তৃতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। তার দেওয়া বাউন্সার সামলাতে পারেননি লিটন। ব্যাটে লেগে উড়তে থাকা বল সহজেই তালুবন্দি করেন মোহাম্মদ নবি। ১৫ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক।

ব্যাট করতে নামা নাজমুল হাসান শান্তও ক্রিজে থাকতে পারেননি খুব বেশি সময়। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই বিদায় নেন তিনি।


আমাদেরকাগজ/এইচএম