খেলাধুলা ৮ জুলাই, ২০২৩ ০৪:৩৮

বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা খেলছে আফগানিস্তান

স্পোটর্স ডেস্ক: আফগানিস্তানের দুই ওপেনার রীতিমত ছেলেখেলা খেলছেন বাংলাদেশি বোলারদের নিয়ে। ৩১ ওভার পার হয়ে গেছে ইনিংসের, এখন পর্যন্ত ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেনি টাইগাররা।

এরই মধ্যে রহমানুল্লাহ গুরবাজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০০ বলেই তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন আফগান ওপেনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৯১ রান। গুরবাজ ১০৩ আর ইব্রাহিম জাদরান ৬১ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেননি অধিনায়ক লিটন দাস। বরং, আফগানিস্তানকে বেকায়দায় ফেলতে বল হাতে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।


কিন্তু আফগানদের বেকায়দায় ফেলা দূরে থাক। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানকেই আউট করতে রীতিমত ঘাম ঝরছে টাইগারদের। শুধু জুটি গড়াই নয়, মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার।

উইকেট ফেলার মত খুব কঠিন কোনো বলই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, সাকিব আল হাসান কিংবা মেহেদী হাসান মিরাজরা একের পর এক বোলিং করে গেলেও আফগান ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছেন না।

 

আমাদের কাগজ/টিআর