খেলাধুলা ৭ জুলাই, ২০২৩ ০১:০৫

তামিমের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিসিবি সভাপতির

স্পোর্টস ডেস্ক: হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে  অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন এই বা হাতি এপেনার। যা নিয়ে চলছে আলোচনার ঝড়।

তামিমের অবসরের পর রাতে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘ বৈঠক শেষে তামিমকে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবির সভাপতি। 

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে তামিমকে পাঠানো একটি খুদে বার্তা পড়ে শোনান পাপন। জানান যে, তামিমকে অবসর না নেওয়ার আহ্বান করে বার্তা পাঠান তিনি। কিন্তু এখনও কোন উত্তর পাননি। বার্তা যেহেতু দিয়েছেন উত্তর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। 

পাপন আরও জানান, সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে। একটি এশিয়া কাপ, অন্যটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর আশাও করছিল। এমন সময় তামিমের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় এক ধাক্কা।

এ সময় পাপন বলেন, যদি ও (অবসরের) সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা খুশি হবো। কোন কারণে যদি নিয়মিত অধিনায়ক না খেলে সহ-অধিনায়ক দায়িত্ব পালন করবে। স্থায়ী কোন অধিনায়ক আমরা দিচ্ছি না।'

বোর্ড সভাপতি জানান, তামিমের এই অবসর কোনভাবেই গ্রহণযোগ্য না। যদি সংবাদ মাধ্যমকে ডেকে অবসরের ঘোষণা না দিয়ে বোর্ডকে আগে জানাতো তাহলে অবসরের কারণ বলতে পারতেন তারা।

এদিকে তামিমের অবসর নেওয়ার ঘোষণা কোনভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তামিমকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।


আমাদেরকাগজ/এইচএম