খেলাধুলা ৩ অক্টোবর, ২০১৯ ০৮:৩৬

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক ।। 

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন দানুশকা গুনাথিলাকা। শেষটায় ঝড় তুলে শ্রীলঙ্কাকে তিনশ রানের কাছে নিয়ে গেলেন দাসুন শানাকা। তবুও পেরে উঠলো না সফরকারীরা। ফখর জামান, আবিদ আলি ও হারিস সোহেলের ফিফটির ওপর ভর করে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ ঘরে তুলেছে পাকিস্তান।

রোমাঞ্চকর ম্যাচে ৫ উইকেটে জিতেছে সরফরাজ আহমেদের দল। ২৯৮ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে পাকিস্তান। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর শেষ দুটিতে জিতল তারা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। শুরুতেই আভিশকা ফার্নান্দোকে ফিরিয়ে দেন মোহাম্মদ আমির।

এরপর টানা তিনটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে টানেন গুনাথিলাকা। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া এই ওপেনার অধিনায়ক লাহিরু থিরিমান্নের সঙ্গে ৮৮, অ্যাঞ্জেলো পেরেরার সঙ্গে ৫০ ও মিনোদ ভানুকার সঙ্গে ৭৪ রানের জুটি উপহার দেন। আগের সেরা ১১৬ ছাড়িয়ে থামেন ১৩৩ রানে। ১৩৪ বলে খেলা তার দায়িত্বশীল ইনিংসটি গড়া ১৬ চার ও এক ছক্কায়।

শেষ ৫ ওভারে ৫০ রান তোলে শ্রীলঙ্কা। এতে বড় অবদান শানাকার। ২৪ বলে দুই ছক্কা ও ৫ চারে খেলেন ৪৩ রানের খুনে ইনিংস।

৫০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আমির। ঝড় বয়ে গেছে আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের ওপর দিয়ে। ১০ ওভারে ৮১ রান দিয়ে নেন একটি উইকেট। সেটিও এসেছে ইনিংসের শেষ বলে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৭/৯ (গুনাথিলাকা ১৩৩, আভিশকা ৪, থিরিমান্নে ৩৬, অ্যাঞ্জেলো ১৩, ভানুকা ৩৬, জয়াসুরিয়া ৩, শানাকা ৪৩, হাসারাঙ্গা ১০, সান্দাক্যান ০, প্রদিপ ১*; আমির ১০-০-৫০-৩, উসমান ৮-১-৪১-১, ইফতেখার ৯-১-৪৩-০, ওয়াহাব ১০-০-৮১-১, শাদাব ৯-০-৫০-১, নওয়াজ ৪-০-২৪-১)

পাকিস্তান: ৪৮.২ ওভারে ২৯৯/৫ (ফখর ৭৬, আবিদ ৭৪, বাবর ৩১, সরফরাজ ২৩, হারিস ৫৬, ইফতেখার ২৮*, ওয়াহাব ১*; প্রদিপ ৯.২-১-৫৩-২, শানাকা ৫-০-২৮-০, কুমারা ৭-০-৫৫-১, সান্দাক্যান ১০-০-৬২-০, হাসারাঙ্গা ১০-০-৫৪-১, জয়াসুরিয়া ৭-০-৩৯-১)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী পাকিস্তান

ম্যান অব দা ম্যাচ: আবিদ আলি

ম্যান অব দা সিরিজ: বাবর আজম