স্পোর্টস ডেস্ক ।।
আরও একবার নিউজিল্যান্ডের মাটিতে জয় উৎসব করলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো তারা। বৃহস্পতিবার লিঙ্কনে আকবর আলীর দল ২১ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।
বৃষ্টিতে একদিন পেছানো ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বার্ট সুটক্লিফ ওভালে ওপেনার থমাস জোহরাবের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৪২ রান করে তারা। তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে বাংলাদেশ ৪৬.৩ ওভারে ৪ উইকেটে করে ২৪৩ রান। দ্বিতীয় ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো তারা।
নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে সবচেয়ে বড় অবদান রাখেন জোহরাব। ১৪২ বলে ৮ চারে ইনিংস সেরা ১১২ রান করেন এই ওপেনার। স্বাগতিকদের পক্ষে ৩০ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন ওলি হোয়াইট। তাদের উদ্বোধনী জুটি ছিল ৫৫ রানের। উইকেটকিপার ব্যাটসম্যান সুন্ডে ২৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। একটি করে পান শামীম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম ও তানজিদ।
লক্ষ্যে নেমে ওপেনার পারভেজ হোসেন (৬) দলীয় ৩৩ রানে ফিরে গেলে তানজিদ ও মাহমুদের চমৎকার জুটি জয়ের ভিত গড়ে দেয়। তাদের জুটি ছিল ৯৫ রানের। ৬৫ রান করে তানজিদ আউট হলে মাহমুদ প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয়কে নিয়ে। ৭৭ রানের এই জুটিতে জয়ের আরও কাছে পৌঁছায় বাংলাদেশ। ৪০ রানে বিদায় নেন তৌহিদ।
জয় থেকে দল ৮ রান দূরে থাকতে মাহমুদকে মাঠ ছাড়তে হয়। মাত্র ১ রানের আক্ষেপে পোড়েন এই ওপেনার। ১২৫ বলে ১০ চারে ৯৯ রান করেন তিনি। শামীম ১৫ ও শাহাদাত হোসেন ৪ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
সিরিজ জয়ের লক্ষ্যে আগামী রবিবার তৃতীয় ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ।





















