খেলাধুলা ১৭ জুন, ২০২৩ ০১:১২

টেস্টে টাইগারদের রেকর্ড গড়া জয়

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এবার নাটকীয়তার পর সেই মাইলফলক স্পর্শ করতে পারলেন না তাসকিন আহমেদ। তার বলে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন জহির খান। ফলে মিরপুর টেস্টে ৫৪৬ রানে জিতেছে টাইগাররা।

এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১১৫ রানে থেমে গেছে সফরকারীদের ইনিংস।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটের দেখা পাননি এবাদত হোসেন। 

প্রসঙ্গত, টেস্ট ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয়। শুধু এই নয়, রানের হিসেবে এটি কোনো দলের টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়।

আজ শনিবার 'হোম অব ক্রিকেট' শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। তবে দিনের শুরুতেই টাইগার পেসারদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় আফগানরা।

এদিন উইকেটের শুরুটা করেছিলেন আগের ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া পেসার এবাদত হোসেন। দলীয় ৪৮ রানের মাথায় ডানহাতি এই পেসারের অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলে খোঁচায় উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন নাসির জামাল।

এরপর পর পর দুই ওভারে আফসার জাজাই ও বাসির শাহকে ফেরান শরিফুল। বাঁহাতি এই পেসারের রাউন্ড দ্য উইকেট প্রান্ত থেকে করা বলে জাজাই স্লিপে থাকা মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দেন। ফলে ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটকিপার।

বাংলাদেশের হয়ে ইনিংস সেরা ৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর দুই ইনিংসে মিলিয়ে নামের পাশে ৫টি করে উইকেট যোগ করেছেন শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।

আমাদেরকাগজ/এমটি