খেলাধুলা ১৫ জুন, ২০২৩ ০৫:৩৬

এমবাপ্পেকে পিএসজিতে রাখার চেষ্টায় ফরাসি প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ মৌসুমের শেষে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে রীতিমতো কোমর বেঁধে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ পরাশক্তিদের প্রস্তাব পায়ে ঠেলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডকে পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে শুরু হতে না হতেই সংবাদের শিরোনামে চলে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি সইয়ের বছর না পেরোতেই ফরাসি ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। সেই সঙ্গে দৃশ্যপটে চলে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির সরকারপ্রধান জানান, এমবাপ্পেকে প্যারিসে রেখে দিতে সম্ভাব্য সব চেষ্টাই তিনি করবেন।

তবে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তির মেয়াদ মূলত ২০২৪ সালের জুন পর্যন্ত। অবশ্য ফরাসি উইঙ্গারের সামনে আরও এক বছর চুক্তি বাড়িয়ে সেটির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সেটি করতে হবে এ বছরের জুলাইয়ের মধ্যে।

কিন্তু চিঠির মাধ্যমে এমাবাপ্পে গত ১২ জুন পিএসজিকে চুক্তির মেয়াদ না বাড়ানোর ইচ্ছার কথা জানিয়ে দেন। ফরাসি উইঙ্গারের দাবি, ক্লাব কর্তৃপক্ষ তার এ সিদ্ধান্ত সম্পর্কে আরও ১২ মাস আগেই অবগত। এমনকি চুক্তি নবায়ন নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় আগামী মৌসুম শেষেই তরুণ উইঙ্গার এমবাপ্পের সামনে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ থাকবে। কিন্তু পিএসজি তরুণ উইঙ্গারকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে রাজি নয়। তাই এমবাপ্পেকে অন্তত ১৫০ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চাইছে কয়েকদিন আগে ১১তম লিগ ওয়ানের শিরোপা জেতা দলটি।

সব মিলিয়ে এমবাপ্পের সামনে দুটি শর্ত রেখেছে পিএসজি- হয় চুক্তি নবায়ন করো নয়ত চলমান দলবদলেই নতুন গন্তব্যে পাড়ি জমাও। যদিও আসন্ন দলবদলেই দল ছাড়ার ব্যাপারে ক্লাবের কাছে কোনো অনুরোধ করেননি।

চলমান এ পরিস্থিতিতে পিএসজি শিবিরে স্বস্তির এক ঝলক সুবাতাস নিয়ে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে ম্যাক্রনের কাছে পিএসজিতে এমবাপ্পের ভবিষ্যত জানতে চান ক্লাবের এক সমর্থক। জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই। আমি ফ্রান্সের অধিনায়ককে পিএসজিতে রাখার বিষয়ে চেষ্টা করব।

২০১৭ সালে আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। এরপর থেকে দলটির হয়ে ২৬০ ম্যাচে মাঠে নেমে ২১২ গোল করে ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারলেও ফরাসি ক্লাবটির হয়ে পাঁচটি লিগ ওয়ানসহ ১২টি শিরোপা জিতেছেন এমবাপ্পে। সেই সঙ্গে তিনি টানা চারবার লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

আমাদেরকাগজ / এইচকে