খেলাধুলা ১ আগস্ট, ২০১৯ ০৭:৩২

অ্যাশেজ উদ্ধারে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড

ছাইদানিটা ছোট্ট, কিন্তু অনন্য উচ্চতায় এর মর্যাদা। এবার সেটা ফিরে পাওয়ার লড়াই করবে ইংল্যান্ড। প্রায় দুই বছর আগে যেটা অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছিল তারা। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেওয়ার দুই সপ্তাহ পর এজবাস্টনে আজ প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।

২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ায় ৪-০ তে অ্যাশেজ সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ফেভারিট হিসেবে তারা খেলছে এবারের সিরিজ। কারণ ২০০১ সাল থেকে কখনও ঘরের মাঠে এই ঐতিহাসিক সিরিজ হারেনি ইংলিশরা। আর এজবাস্টনেও ১১ বছর ধরে অপরাজিত তারা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ বিকাল ৪টায় মাঠে নামছে জো রুটের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের শীর্ষ উইকেট শিকারী জোফরা আর্চারের। কিন্তু ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। তার বদলে জায়গা হয়েছে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে ৬ উইকেট নেওয়া ক্রিস ওকসের।

নেতৃত্ব নেওয়ার পর দেড় বছর আগে প্রথমবার অ্যাশেজ সফরে যান রুট। কিন্তু লজ্জার হার নিয়ে দেশে ফিরতে হয় তাকে। ওইবার ব্রিস্টল নাইট ক্লাবের বাইরে মারামারি করে সফরসঙ্গী হতে পারেননি স্টোকস, এবার তিনি সহঅধিনায়ক।

পার্থের এক পানশালায় ব্যানক্রফটকে জনি বেয়ারস্টো ঢুঁশ মারায় বিতর্কিত হয়েছিল ওই সফর। এবার ওইসব ভুলে নতুন অর্জনের জন্য মরিয়া রুট, ‘এই ধরনের অভিজ্ঞতা আপনি যতটা সম্ভব মাথার বাইরে রাখতে চাইবেন। আমি তো লজ্জায় কুঁকড়ে গিয়েছিলাম। অ্যাশেজের মতো বড় সিরিজ আমি কখনও হারতে চাই না। কিন্তু এসব আপনাকে আরও ক্ষুধার্ত করে তুলবে ঘুরে দাঁড়াতে।’  

ইংল্যান্ড একাদশ ঘোষণা করলেও অস্ট্রেলিয়া নিশ্চিত করেনি তাদের দল। তবে এটা চূড়ান্ত যে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়ার পর প্রথমবার টেস্ট খেলতে যাচ্ছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

অধিনায়ক স্মিথ নিষিদ্ধ হওয়ায় দায়িত্ব পান উইকেটরক্ষক টিম পেইন। এই প্রথমবার অ্যাশেজে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। যেই মাঠে প্রায় তিন সপ্তাহ আগে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল, সেখানেই ফিরছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে ইংল্যান্ডের দাপটের ধারাবাহিকতা ভাঙতে চান পেইন, ‘আমরা কথা বলে নিশ্চিত করেছি যদি আমাদের সব শক্তি প্রয়োগ করি এবং নিজেদের মতো পরিবেশ তৈরি করতে পারি মাঠে, তাহলে আমাদের বৃত্ত ভাঙা প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’