খেলাধুলা ১২ জুন, ২০২৩ ০৪:৩১

ফাইনালে হেরেও শতভাগ জরিমানা ভারতের!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা দ্বিতীয় বার হারল ভারত। পঞ্চম দিনে হাতে ৭ উইকেট ছিল আর লক্ষ্য ছিলো মাত্র ২৮০ রানের। এতে টানা দ্বিতীয় বারের মতো এই আসরের ফাইনালে উঠা রোহিত-কোহলিদের সামনে ছিল ১০ বছর ধরে চলা শিরোপা ক্ষরার আক্ষেপ মোচনের হাতছানি। তবে সে লক্ষ্য পৌছাতে পারেননি রোহিত শর্মার দল।

শেষ দিনে প্রথম সেশনেই আত্মসমর্পণ কোহলিদের, ২৩৪ রানে অলআউট হয়ে যান তারা। এতেই ২০৯ রানের বিশাল জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ফাইনালে এমন হারের পর নানা মুখী সমালোচনার শিকার হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এবার আইসিসির শাস্তির খড়্গও নেমে এল তাদের উপর।

আইসিসির শাস্তির কারণে ফাইনাল ম্যাচ থেকে কোনো অর্থই পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। কেননা স্লো ওভার রেটের কারণে গোটা দল সহ জরিমানার মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা। আর এ জরিমানার পরিমাণ ম্যাচ ফির পুরোটাই। তবে ফাইনালে জয়ী হয়ে শাস্তি থেকে রেহাই পাননি অজিরাও। তাদেরও করা হয়েছে জরিমানা।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার বোলিং করা পিছিয়ে থাকলে দলের সবার ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হবে। আর ফাইনাল ম্যাচে, অধিনায়ক রোহিতের দল নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম করায় তাদের ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। আবার অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জয়ী হয়েও ৮০ শতাংশ জরিমানার শিকার হচ্ছেন। কেননা, অজিরা নির্ধারিত সময়ের বাইরে বোলিং করেছেন ৪ ওভার।

এদিকে ম্যাচ ফি জরিমানার বাইরে নিজের পকেট থেকেও জরিমানার অর্থ গুনতে হবে ভারতের তরুণ ওপেনার শুভমান গিলকে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নেমে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে এ ক্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে গ্রিন বল ধরার সময় তা মাটিতে লেগেছিল। কিন্তু অনফিল্ড আম্পায়ার তাতেও আউট দিয়েছেন। পরে গিল নিজেও টুইটারে সে ক্যাচের ছবি প্রকাশ করে সিদ্ধান্তের সমালোচনা করেন।

আইসিসির ২.৭ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের কোনো ঘটনা বা সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটাররা সমালোচনা বা অনুচিত মন্তব্য করতে পারবেন না। গিল আম্পায়ের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মর্মে এ আইনেই তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এদিকে, ধীর বোলিং এর কারণে ম্যাচ ফির শতভাগ আগেই জরিমানা হওয়ায় এ অংশটুকু নিজের পকেট থেকেই দিতে হতে পারে তরুণ এ ব্যাটারকে।

আমাদেরকাগজ / এইচকে