খেলাধুলা ২৪ মে, ২০২৩ ০৮:১৩

মুম্বাই-লখনউ মুখোমুখি, হারলেই বিদায়

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৬তম আসরের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টস। লিগ পর্বে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে লখনউ। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো শুরু না করেও শেষ চারে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মার মুম্বাই।

এলিমিনেটরে হার মানেই আইপিএল অভিযান শেষ।

জিতলে ফাইনাল খেলার আশা জিইয়ে রাখা যাবে। অর্থাৎ চেন্নাইয়ে আজ আইপিএলের প্রথম নক আউট ম্যাচ। মুম্বাই-লখনউ ম্যাচ হয়ে উঠতে পারে দুই অভিজ্ঞ স্পিনারের লড়াইয়ের মঞ্চ। এবারের প্রতিযোগিতায় মুম্বাইয়ের পীযুষ চাওলা এবং লখনউর অমিত মিশ্রের দুর্দান্ত বোলিং করেছেন।

লিগ পর্বের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জয় পেয়েছিল লখনউ। আজ সেই হারের বদলা নিয়ে চাইবেন রোহিতরা।
লখনউর নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল এবং পেসার জয়দেব উনাদকাট ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বে দারুণ ছন্দে আছেন কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোইরা।

অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই হেরে গিয়েছিল আসরের প্রথম দুটি ম্যাচেই। এর পরই ছন্দে ফিরেছে রোহিত শর্মার দল। সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা মুম্বইয়ের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটা। শেষ ম্যাচে রান পেয়েছেন অধিনায়ক রোহিতও। দলে রয়েছেন ঈশান কিশন, তিলক বার্মা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডের মতো ক্রিকেটাররা।

ফলে আইপিএলের আরো একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আমাদেরকাগজ / এইচকে