খেলাধুলা ২১ মে, ২০২৩ ০৪:৪৭

ইনজুরিতে সাকিব, কে হচ্ছেন মিরপুর টেস্টের অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর সেই কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে আগামী ১৪ জুন। এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিবের না থাকায় নেতৃত্বে কে আসবেন, তা নিয়েই এখন চলছে আলোচনা।

সাকিবের না থাকায় সম্ভাব্য অধিনায়ক হিসেবে তালিকায় সবার আগে রয়েছেন ওপেনার লিটন দাস। কারণ টেস্টে তিনি আগে থেকেই টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তবে শেষ পর্যন্ত যদি লিটন দায়িত্ব না নেয়, তাহলে দায়িত্ব পেতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জানা গেছে, একমাত্র টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ব্যাটার নাজমুল হোসেন শান্তও। তবে এই তিনজনের মধ্যে যে কাউকেই এই দায়িত্বে দেখা যেতে পারে। ফলে তাদের কেউ নেতৃত্বে আসলে, সেটি হবে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে তাদের নেতৃত্বের অভিষেক।

রশিদ খানদের বিপক্ষে সাদা পোশাকের না থাকলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিবকে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫, ৮ ও ১১ জুলাই দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

আমাদেরকাগজ / এইচকে