খেলাধুলা ১৯ মে, ২০২৩ ০৭:৪৮

কোহলি ক্রিকেটের রাজা : আমির

স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বৃহস্পতিবার, ১৮ মে রাতে ৬৩ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। কোহলির এই ইনিংসের কল্যাণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির নান্দনিক ব্যাটিংয়ের প্রশংসায় মেতেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘এই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কোহলির কোনো তুলনাই হয় না। কোহলির অর্জনগুলো অবিশ্বাস্য। আজ (গতকাল) সে আরো এক কীর্তি অর্জন করল। এই সেঞ্চুরি খুবই বিশেষ ছিল কারণ এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বেঙ্গালুরুর জন্য এবং কোহলি জ্বলে উঠল।’

পাক পেসার আরো বলেন, ‘যে ধরনের শট সে খেলেছে তা অবিশ্বাস্য। তার ক্লাস সম্পর্কে আমরা জানি এবং একজন বড় খেলোয়াড় কঠিন সময়ে সবসময়ই জ্বলে। চার বছর পর সে প্রথম সেঞ্চুরি করল, টুর্নামেন্ট ইতিহাসে যা তার ষষ্ঠ সেঞ্চুরি। সে ক্রিকেটের আসল রাজা। সে যদি আরো পাঁচ বছর খেলে, জানি না কত রেকর্ড সে ভাঙতে চলেছে...।

আমাদেরকাগজ / এইচকে