খেলাধুলা ১৮ মে, ২০২৩ ০৭:০২

ভারতে বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। তার আগে আগস্টে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের। তবে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর তাদের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুঁমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রাজনৈতিক বৈরিতা এখন আকাশচুম্বী। যে কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে খোদ আইসিসিও কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে। এই নিয়ে যখন শোরগোল নেট দুনিয়া, ঠিক সেই সময়ে বাবর আজমদের ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন শহীদ আফ্রিদি।

পাকিস্তানের ক্রীড়া সংবাদমাধ্যম 'ক্রিকেট পাকিস্তান' এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সেখানে দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার আফ্রিদি বলেছেন, 'ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত পাকিস্তানের। আমাদের ক্রিকেটকে সমর্থন করার ব্যাপারে ইতিবাচক বার্তা দেবে এটি।'

গুরুত্বারোপ করে বলেন, ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। সেই বিবেচনায় পাকিস্তানেই এশিয়া কাপ হওয়া উচিত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করা মোটেও উচিত নয়।

পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে পুরো টুর্নামেন্ট খেলতে চায় তারা। সম্প্রতি সম্ভাব্য তালিকা হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম পুনর্ব্যক্ত করেছে বিসিসিআই। তবে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ পিসিবি।

এশিয়া কাপের অন্তত কিছু অংশ পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি। দীর্ঘদিন পর নিজেদের দূর্গে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত পাক কর্তৃপক্ষের। এদিকে এ টুর্নামেন্টের জন্য ‘হাইব্রিড মডেল’ উপস্থাপন করেছে ভারত। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের এ সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে বয়কটেরও হুমকি দিয়েছে পাকিস্তান।

 

আমাদেরাকগজ / এইচকে