খেলাধুলা ৮ মে, ২০২৩ ০৮:৪৭

দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল সফরকারী পাকিস্তান। সোমবার, ৭ মে  আজান আওয়াইসের সেঞ্চুরি নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তানের যুবারা। জবাবে রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ১৯৩ রানে।

ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বড় হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ফলে আশা ছিল দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগার যুবারা। কিন্তু এই ম্যাচেও সফরকারী যুবাদের বিপক্ষে ৭৮ রানের ব্যবধানে হেরে গেছে আহরার আমিনের দল।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে আজান আওয়াইসের ১০৫, সাদ বেগের ৫১, শামিল হোসাইনের ৩৩ আর আমির হাসানের ৩৩ রানের অপরাজিত ইনিংসে ২৭০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারী পাকিস্তান।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন। তিনটি উইকেট পেয়েছেন মাহফুজুর। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন পারভেজ রহমান জীবন ও ওয়াসি সিদ্দিক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানেই আশিকুর রহমান শিবলির উইকেট হারায় টাইগাররা। তিনি ফিরেছেন শূন্য রানে। এরপর শাহরিয়ার সাকিব আউট হয়েছেন ১৯ রান করে। ওপেনার আদিল বিন সাদিকও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ফেরেন ৬১ বলে ৪০ রানের ইনিংস খেলে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশের যুবারা। অধিনায়ক আহরার আমিনের ব্যাট থেকে আসে ২৩ রান। আরেক ব্যাটার জাকারিয়া ইসলাম শান্ত করেন ২৪ রান। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ২২ ও শিহাব জেমস ৬২ বলে ৪২ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। নিচের দিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর গড়তে পারেননি। ফলে ৪৭ ওভারেই ১৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের বোলারদের মধ্যে একাই ৩ উইকেট নেন মোহাম্মদ ইসমাইল। ২টি করে উইকেট নিয়েছেন আইমাল খান, আলী আসফান্ড, আরাফাত মিনহাজ। একটি উইকেট নেন আমির হাসান।

আগামী ১১ মে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা। এরপর দুই দল পাড়ি দিবে রাজশাহীতে। সেখানে শেষ দুই ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আমাদেরকাগজ / এইচকে