খেলাধুলা ২৬ এপ্রিল, ২০২৩ ০৪:৪৪

সন্ধ্যায় সিলেট যাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটাররা ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছুটি কাটিয়ে ফিরেছেন। এবার টাইগারদের অ্যাসাইনমেন্ট আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের মাটিতে আসন্ন এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার, ২৭ এপ্রিল থেকে সিলেটে বিশেষ অনুশীলন ক্যাম্প করবে তামিম ইকবালের দল। সেই ক্যাম্পে যোগ দিতে সন্ধ্যা সাতটায় একই ফ্লাইটে সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা সিলেট যাবেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭, ২৮ এবং ২৯ এপ্রিল- এই তিন দিন অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে অনুশীলন ক্যাম্পে থাকছেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান।

সাকিব মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদের পর যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে চলে যান। সেখান থেকেই ইংল্যান্ডে এসে চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার।

সিলেটে আবাসিক ক্যাম্প শেষে ৩০ এপ্রিল দিবাগত মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। এরপর আগামী ৯, ১২ ও ১৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।