স্পোর্টস ডেস্ক ।।
ত্রিদেশীয় সিরিজ শেষে ঢাকা থেকে ক্যারিবিয়ান দ্বীপে উড়ে গেছেন সাকিব। আর সেখানে মাঠে নেমেই ক্যারিশম্যাটিক খেলা দেখালেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচেই দলের সেরা পারফরমার হলেন সাকিব।
এদিন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাটে-বলে সমান উজ্জ্বল ছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।
বার্বাডোজের মাঠে সাকিবকে পেয়ে ইনিংসের প্রথম ওভার করতে তার হাতে বল তুলে দেন অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে প্রথম ওভারটি মেইডেন দেন সাকিব। প্রথম ওভারে প্রতিপক্ষকে কোনো রান না দিয়েই শুরু হলো সাকিবের এবারের সিপিএল যাত্রা।
বলিংয়ে মুনশিয়ানা দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন প্রতিপক্ষকে। উইকেট নিয়েছেন ১টি। তার ওভারগুলোতে হাত খুলে ব্যাট চালাতেই পারেননি সেন্ট কিটসের ব্যাটম্যানরা।
ব্যাটিংয়ে নেমেও চমক দেখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ৩ চার ও ১ ছক্কার মারে ২৫ বলে ৩৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। এভাবেই সিপিএলে নিজের প্রথম ম্যাচটি রাঙিয়ে রাখলেন সাকিব।
তবে সাকিবের এই অলরাউন্ডিং পারফরম্যান্স দলকে জেতাতে পারেনি। এর একমাত্র কারণ সেদিন ম্যাচে সাকিব ছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি।
যে কারণে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে মাত্র ১ রানে হেরে গেল সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস।






















