খেলাধুলা ২৭ মার্চ, ২০২৩ ০৫:৫৩

বৃষ্টি আইনে 

আয়ারল্যান্ডের সামনে ১০৪ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে চার বল আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। যার কারণে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে সাকিব বাহিনী। তবে বৃষ্টি থামায় ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান।

বৃষ্টি আইন অনুযায়ী, কোনো টি-টোয়েন্টি ম্যাচের ফল নির্ধারনের জন্য অন্তত পাঁচ ওভার খেলা মাঠে গড়াতে হবে। তাই বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের পাঁচ ওভার শুরুর কাটঅফ সময় বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত বেঁধে দিয়েছিল আম্পায়াররা। কিন্তু কাটঅফ টাইমের আগেই বৃষ্টি থেমে গেছে। তাই ডার্কওয়ার্থ লুইস মেথেডে এই সময়ে আয়ারল্যান্ডের টার্গেট হয়েছে ১০৪ রান।

সোমবার, ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯১ রান জড়ো করে লিটন দাস ও রনি তালুকদার বড় সংগ্রহের ভিত গড়েন। তবে লিটন ৩ রানের জন্য পঞ্চাশের মাইলফলক ছুঁতে পারেননি। ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন লিটন।

তবে লিটনের বিদায়ের পরও আরেক ওপেনার রনি তালুকদার মাত্র ২৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। এরপর বিদায়ের আগে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। মাত্র ৩৮ বলে ৩ ছক্কা ও ৭ বাউন্ডারিতে রনি মারকুটো এই হাফসেঞ্চুরি উপহার দেন। ফলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের পথেই ছিল টাইগাররা। তবে চার বল বাকি থাকতেই ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানেই থেমে যায় ইনিংস।

শামীম পাটোয়ারি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ২০ বলে ৩০ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসান ১৩ বলে অপরাজিত ২০ রান করেন। বাউন্ডারি হাঁকান তিনটি। সব মিলিয়ে এই ম্যাচে বাংলাদেশ বাউন্ডারি হাঁকায় ১৭টি। ছক্কা ৯টি।

আমাদেরকাগজ/ এইচকে