স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটরে দুবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ১২ রানে হারিয়েছে পেশোয়ার জালমি। আর এ ম্যাচেই টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর আজম।
বৃহস্পতিবার, ১৬ মার্চ পিএসএলের প্রথম এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। ১০ চারে ১৬৪ স্ট্রাইকরেটে করা এ ঝড়ো ইনিংসেরর মাধ্যমে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ হয়ে গেল এ পাকিস্তানি ব্যাটার।
বাবর আজমের চেয়ে দ্রুততম সময়ে অন্য কেউ টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের চূড়ায় যেতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করতে এ পাকিস্তানি ব্যাটারের প্রয়োজন হয়েছে ২৪৫ ইনিংস। বাবরের আগে দ্রুততর সময়ে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে (২৪৯ ইনিংস)।
শুধু গেইলই না, দ্রুততর সময়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ৯ হাজার রানের মাইলফলক গড়তে সমসাময়িক অনেক খেলোয়াড়কেও পেছনে ফেলেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে ৯ হাজার রান করতে ভারতের ভিরাট কোহলির প্রয়োজন হয়েছিল ২৭১ ইনিংস। তালিকায় পরের দুই স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করতে দুই অস্ট্রেলিয়ান ব্যাটারের যথাক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংসে ব্যাট করতে হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বাবর আজম গত কয়েক বছর ধরে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ২০১৯ সাল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯টি সেঞ্চুরি করেছেন এ পাকিস্তানি ব্যাটার, যা এ সময়ের যেকোনো ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বৃহস্পতিবার পিএসএলের প্রথম এলিমিনেটে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি। সাইম আয়ুব ও পেশোয়ার অধিনায়ক বাবর আজমের উদ্বোধনী জুটিতে আসে ৬০ রান। ইনিংসের ১৩তম ওভারে বিপক্ষ দলের অধিনায়ক শাদাব খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বাবর। ১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রানেই আটকে যায় ইসলামাবাদ ইউনাইটেড।
আমাদেরকাগজ/ এইচকে






















