খেলাধুলা ১৪ মার্চ, ২০২৩ ০৪:৪৯

দারুণ শুরুর পর বাংলাদেশ থামলো ১৫৮ রানে

স্পোটর্স ডেস্ক: মিরপুরে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে টস হেরে ব্যাট করে ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েয়েন্টিতে লিটনের ঝড়ো ফিফটিতে ২ উইকেটে ১৫৮ রান করেছে।

শুরুতে ৫৫ রানের ওপেনিং জুটিতে অবদান ছিল রনি তালুকদার ও লিটন দাসের। রনির বিদায়ে জুটি ভাঙলেও লিটন অপ্রতিরোধ্য গতিতে রান তুলেছেন। তাকে থামানোর উপায় জানা ছিল না ইংলিশদের। তার যোগ্য সঙ্গী হন নাজমুল হোসেন শান্তও। তবে লিটনকে ঘিরেই বেশির ভাগ সময় বাংলাদেশের রান চাকা এগিয়েছে। ৭৩ রান করা এই ব্যাটারকে ১৭তম ওভারে আউট করেছেন ক্রিস জর্ডান। তার বিদায়ে রানের চাকা শ্লথ হয়ে যায় অবশ্য। শেষ দিকে প্রত্যাশা মতো রান তুলতে পারেননি শান্ত। এই ব্যাটার ৪৭ রানে অপরাজিত থেকেছেন।

লিটন যে গতিতে রান তুলছিলেন সেটা অব্যাহত থাকলে স্কোর আরও বেশি হওয়ার সুযোগ ছিল। সাকিব ৬ বল খেলে ৪ রানে অপরাজিত ছিলেন। 

২১ রানে একটি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। ২৩ রানে সম সংখ্যক উইকেট নেন আদিল রশিদও।   


লিটনকে ৭৩ রানে থামালেন জর্ডান

ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের রান চাকা সচল রেখেছিলেন লিটন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঝড়ো গতিতে ৮৪ রান যোগ করেছেন। ভালো ছন্দেও ছিলেন তিনি। আগে জীবন পেলেও ১৭তম কপাল পুড়ে তার। সিরিজের প্রথম ফিফটি তুলে নেওয়া লিটন ক্রিস জর্ডানের বলে শট খেলতে গিয়ে সল্টের হাতে ক্যাচ দিয়েছেন। তাতে ৭৩ রানে থেমেছেন তিনি। তার ৫৭ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছয়ের মার।  

৫৫ রানের ওপেনিং জুটি ভাঙলেও লিটন প্রান্ত আগলে অপ্রতিরোধ্য গতিতে ছুটেছেন। তার সঙ্গে যোগ দেন নাজমুল হোসেন শান্তও। লিটন সিরিজে বড় স্কোরের দেখা পেয়েছেন অবশেষে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম ও সিরিজের প্রথম ফিফটি। তিনি ফিফটির দেখা পেয়েছেন ৪১ বলে। তাতে ছিল ৮টি চার। লিটনের ফিফটির সঙ্গে সঙ্গে পূরণ হয় দলের শত রানও। ১৩.১ ওভারে আবার জীবনও পান তিনি। লিটনের ক্যাচ বাউন্ডারি লাইনে ফেলে দেন বেন ডাকেট। 

ক্যাচ দিয়ে ফিরলেন রনি

দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাসের জুটিতে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই তারা ৪৬ রান যোগ করেছেন। ষষ্ঠ ওভারে একবার জীবন পেলেও অষ্টম ওভারে আর শেষ রক্ষা হয়নি রনির। রিভার্স সুইপ করতে গেলে তার ফিরতি ক্যাচ নেন আদিল রশিদ। তাতে ভাঙে ৫৫ রানের ওপেনিং জুটি। ফেরার আগে ২২ বলে ৩ চারে ২৪ রান করেছেন রনি। 

দুই ওপেনারে পাওয়ার প্লেতে ৪৬

ইংল্যান্ডের বিপক্ষে টস হারলেও শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার চাহিদা মিটিয়ে রান তুলছেন। ষষ্ঠ ওভারে জোফরা আর্চারের বলে ফিরতে পারতেন রনি। কিন্তু তার ক্যাচ ফেলে দেন রেহান আহমেদ। তার পরেই পাওয়ার প্লেতে বিনা উইকেটে যোগ হয়েছে ৪৬।  

শেষ টি-টোয়েন্টিতে আজ ইংলিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো ‘বড়’ কোন দলকে কুড়ি ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। কিন্তু মিরপুরে শেষ ম্যাচটিতে টস হেরেছেন সাকিব আল হাসান। টস জিতে বাংলাদেশকে শুরুতে  ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। পুরো সিরিজে এই প্রথম টস জিতেছেন তিনি।  

দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ায় আগেই ধারণা করা হচ্ছিল, এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করবে বাংলাদেশ। হয়েছেও তাই। অভিষেক হচ্ছে বামহাতি স্পিনার তানভীর ইসলামের। তাকেসহ একাদশে পরিবর্তন আনা হয়েছে দুটি। বাদ পড়েছেন আফিফ হোসেন। তার জায়গায় ফিরেছেন শামীম হোসেন। ইংল্যান্ড অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। 

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও মার্ক উড।