খেলাধুলা ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪৪

অসুস্থ মাকে দেখতে দেশে ফিরলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ইন্দোরে তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন না। গুরুতর অসুস্থ মায়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। ভারতের বিপক্ষে আসন্ন টেস্টে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দিল্লিতে তিন দিনেই দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর দেশে ফিরে যান কামিন্স। মায়ের অসুস্থতার খবর শুনে ভারত ছাড়েন তিনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মা গিলিয়ান। সিডনিতে তাই আরো এক সপ্তাহ মায়ের সঙ্গে থাকবেন কামিন্স।

কামিন্স বলেছেন, ‘আমার মা অসুস্থ এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাই আমি ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি আমার পরিবারের সঙ্গে এখানে থাকাই সবচেয়ে ভালো হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার সতীর্থদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, আমি কৃতজ্ঞ। বিষয়টি বুঝতে পারায় ধন্যবাদ।’

তৃতীয় টেস্ট না খেলার ব্যাপারে সহঅধিনায়ক স্মিথকে জানান কামিন্স। তিনি দেশে ফেরার পর থেকে অজি ব্যাটসম্যানকে অধিনায়কত্ব দেওয়ার কথা শোনা গিয়েছিল। স্ত্রী দানির সঙ্গে দুবাইয়ে তিন দিন ঘুরেফিরে বৃহস্পতিবার রাতে দিল্লিতে ফেরেন স্মিথ। 

শুক্রবার সকালে দিল্লিতে টিম হোটেলে প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে দেখা করেন স্মিথ। ঘণ্টাখানেক পর ট্রেনিং শুরুর আগে সবাইকে কামিন্সের সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট, রোববারই ইন্দোরে উড়াল দেবে দল। আহমেদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ান পেসার নেতৃত্ব দেবে কি না তা এখনো স্পষ্ট নয়।

আগে ২০২১ সালের শেষ দিকে কামিন্সের অনুপস্থিতিতে অ্যাডিলেডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ। সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে আগামী টেস্টে মাঠে নামবে তার দল।

আমাদেরকাগজ/ এইচকে