খেলাধুলা ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:১৫

আইপিএলে শেষবারের মতো দেখা যাবে ধোনিকে

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনিকে কি এবারের আইপিএলেই শেষবারের মতো দেখা যাবে?  শুক্রবার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনার। তবে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত না আসলেও, ধোনির বিদায়ের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩১ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করছে ধোনির চেন্নাই সুপার কিংস। গুঞ্জন উঠেছে, এবারের আসরে সিএসকে যদি প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে, তবে ১৪ মে কলকাতার বিপক্ষে ধোনি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন।

ধোনির বিদায় প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের এক কর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ। আইপিএলে ক্রিকেটার হিসেবে এটিই ধোনির শেষ মৌসুম হতে চলেছে। এখন পর্যন্ত এমনটাই জানি আমরা।’

ম্যাথু হেইডেন বলেছেন, এবারই শেষ বারের মতো আইপিএলে খেলবেন তার সাবেক সতীর্থ। হেইডেন বলেছেন, ‘গত মৌসুমেই ধোনি আবারও ফেরার বার্তা দিয়েছিলেন। আমি যতটুকু জানি, তাতে এবারই আইপিএলে শেষবারের মতো খেলতে নামবেন ধোনি। ফলে শুরুর দিকে কয়েকটা ম্যাচ শুধু সিএসকে নয়, ধোনির কাছেও বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ধোনির বিদায়ের গুঞ্জনে প্রশ্ন উঠেছে, এবারই শেষ আইপিএল খেললে ভবিষ্যতে চেন্নাইয়ের নেতৃত্ব কার হাতে উঠতে চলেছে? এমন জটিল প্রশ্নের উত্তরে অনেকেই এগিয়ে রেখেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। সাম্প্রতিক সময়ে স্টোকসের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে আলোড়ন ফেলেছে ইংল্যান্ড। এজন্যই তার দিকে বাড়তি নজর রয়েছে চেন্নাই সুপার কিংস কর্তাদের।

আমাদেরকাগজ/ এইচকে