স্পোর্টস ডেস্ক : সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এবারের আসরে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।
বিশ্বজুড়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান টি-টোয়েন্টি খেলে বেড়ান। দেশের হয়ে সব ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।
২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকে বিপিএলে খেলছেন সাকিব। নবম আসরে এসে এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজের ১০০তম বিপিএল ম্যাচ খেলছেন সাকিব।
সপ্তম ক্রিকেটার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়লেন সাকিব। এই ক্রিকেটারের আগে মুশফিকুর রহিম, আনামুল হক বিজয়, মাশরাফী বিন মোর্ত্তজা, ইমরুল কায়েস, মাহমুউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ মিথুন বিপিএলে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন।
সবচেয়ে বেশি বিপিএলের ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এই ক্রিকেটার সর্বোচ্চ ১০৮টি ম্যাচ খেলেছেন। ১০৭ ম্যাচ আছে আনামুল বিজয়ের নামের পাশে। সাকিব নিজের ১০০ বিপিএল ম্যাচে ২১৪২ রান করার পাশাপাশি ১৩০ উইকেট সংগ্রহ করেছেন। এ ছাড়াও অধিনায়ক হিসেবে বিপিএল শিরোপাও জিতেছেন সাকিব।
আমাদেরকাগজ/ এইচকে






















