খেলাধুলা ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৫১

বিপিএলে প্লে-অফে ডিআরএস প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক : বিপিএলে গ্রুপ পর্বের মাঠের লড়াইয়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। টুর্নামেন্টের আয়োজকরা প্লে-অফের শেষ চারটি ম্যাচের জন্য ডিআরএসের ব্যবস্থাও করে ফেলেছে। এরই মধ্যে ডিআরএসের বিদেশি টেকনিশিয়ানরা বাংলাদেশে চলে এসেছেন। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের দেখাও গেছে।

বিপিএলের নবম আসর মাঠে গড়ানোর আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি থাকছে না। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্নে-অফে এই প্রযুক্তি থাকবে বলে নিশ্চিত করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

জানা গেছে, বিপিএলের প্লে-অফে দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে। যেখানে প্রতি ম্যাচে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার গুনতে হবে। ফলে শেষ চার ম্যাচের জন্য প্রায় ৬৪ হাজার ডলার ব্যয় করতে হচ্ছে, যা বাংলা টাকায় প্রায় ৭০ লাখ টাকার মতো।

নিজামউদ্দিন সুজন বলেছেন, ‘ডিআরএস সম্পর্কে যখন আমরা জানতে পেরেছি, তখন সবসময় চেষ্টা করেছি এটি আনার। এখানে অর্থের কোনো ইস্যু নেই। আমি ব্যক্তিগতভাবে আইসিসির বাণিজ্যিক প্রধানের সঙ্গে কথা বলেছি। ডিআরএস কোম্পানির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। অন্যান্য বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছি কিন্তু এই মুহূর্তে তারা ব্যস্ত।’

চার দল আগেই নিশ্চিত হয়ে গেছে। যেখানে ১২ ম্যাচে ৯ জয় ও তিন পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে সমান ১৬ পয়েন্টের পরও নেট রান রেটে দুইয়ে অবস্থান করছে রংপুর রাইডার্স। সেরা দুইয়ে থাকার লড়াইয়ে আজ একে অপরের মুখোমুখি হচ্ছে রংপুর-কুমিল্লা। আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ফরচুন বরিশাল।

আমাদেরকাগজ/ এইচকে