খেলাধুলা ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:১৬

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে যৌতুক মামলায় চার্জশিট

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

স্পোর্টস রিপোর্টঃ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ অভিযোগের ভিত্তিতে আল-আমিন হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের ১১-এর ‘গ’ ধারায় এ চার্জশিট দাখিল করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা।

এদিনে আল-আমিন আদালতে হাজিরা দেন। আদালত ‘চার্জশিট দেখিলাম’ বলে তাতে সই করেন। এরপর মামলাটির পরবর্তী বিচারকাজের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন।

গত বছরের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।যৌতুক না দেওয়ায় তার ওপর নির্যাতন করতে থাকেন আল আমিন। সবশেষ গত ২৫ আগস্ট আল আমিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এসময় আল আমিন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এরপর তিনি সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন।  

আমাদের কাগজ/এমটি